
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারদর সহনীয় পর্যায়ে রাখতে আমদানিতে শুল্ক উল্লেখযোগ্যভাবে কমিয়েছে সরকার। খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ৪০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (২৪ ডিসেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে এবং রমজান মাসে খেজুরের চাহিদা বিবেচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস ডিউটি কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে সরকার ২৩ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই শুল্কহ্রাসের সুবিধা আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
এছাড়া, বিগত বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালায় পরিবর্তন আনা হয়। এর ফলে খেজুরসহ সব ধরনের ফল আমদানিতে প্রযোজ্য অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে খেজুর ও অন্যান্য ফল আমদানির ক্ষেত্রে অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় গত বছর দেওয়া হয়েছিল, তা চলতি অর্থবছরেও বহাল রাখা হয়েছে বলে জানিয়েছে এনবিআর।
সরকারের এসব উদ্যোগের ফলে রমজান মাসে খেজুরের সরবরাহ বৃদ্ধি পাবে এবং সাধারণ ভোক্তারা তুলনামূলক কম দামে খেজুর কিনতে পারবেন বলে আশা করা হচ্ছে।










