বুধবার ২৫ মার্চ, ২০২৬

যেকোনো সময় বন্ধ হতে পারে সারাদেশের পেট্রোল পাম্প গুলো: আশঙ্কা পাম্প মালিকদের

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Filling stations
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানি খাতে। বিশ্ববাজারে অস্থিরতার কারণে দেশে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে, ফলে পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে চরম সংকট। এমন পরিস্থিতিতে যেকোনো সময় দেশের ফিলিং স্টেশনগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

রোববার (২২ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, সারাদেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা বর্তমানে খুবই নাজুক। কোম্পানিগুলোর পক্ষ থেকে প্রতিদিন যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে, তা দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের কোটি কোটি মোটরসাইকেল ব্যবহারকারী তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন। এতে তারা ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ছেন। একইসঙ্গে এই বাড়তি চাপ সামলাতে গিয়ে পাম্পে কর্মরতদেরও চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

সংগঠনটি উল্লেখ করে, দীর্ঘসময় বিরামহীন দায়িত্ব পালনের অভ্যাস না থাকায় পাম্পকর্মীরা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। তেল সরবরাহের ঘাটতির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

এছাড়াও তেল বিতরণে নিয়োজিত নজেল ম্যানদের মধ্যেও বিরক্তি বাড়ছে। ক্রেতাদের সঙ্গে কথা কাটাকাটি ও ছোটখাটো গণ্ডগোলের ঘটনাও ঘটছে নিয়মিত। বিরামহীন চাপের মধ্যে কাজ করতে গিয়ে তারা দিশেহারা হয়ে পড়ছেন।

সবমিলিয়ে, পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত না হওয়া এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে যেকোনো সময় সারাদেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি।

আরও পড়ুন