
দেশের টেলিযোগাযোগ খাতের পরিচিত মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে যাত্রা শুরু করেছে। ১৬ বছরের পথচলা শেষে এয়ারটেলের নতুন নাম রাখা হয়েছে ‘সার্কেল’।
সোমবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ড ‘সার্কেল’-এর গ্র্যান্ড ওপেনিং করে রবি আজিয়াটা পিএলসি।
রবি আজিয়াটা জানিয়েছে, ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের সঙ্গে অপারেটরের সম্পর্ক ও বিদ্যমান সেবায় কোনো পরিবর্তন আসবে না। দেশের সব এয়ারটেল গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ‘সার্কেল’-এর গ্রাহকে পরিণত হবেন।
এয়ারটেলের বিদ্যমান ০১৬ নম্বর, সিম, প্যাকেজ ও ব্যালান্স আগের মতোই বহাল ও সচল থাকবে। একইভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন এবং গ্রাহকের তথ্যেও কোনো পরিবর্তন হবে না।
নতুন ব্র্যান্ড ‘সার্কেল’-এর ব্র্যান্ড প্রতিশ্রুতি নির্ধারণ করা হয়েছে—‘আসল সংযোগ, সবসময় সচল।’ মানুষের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, কমিউনিটি ও অভিজ্ঞতার সঙ্গে আরও অর্থবহ সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করাই নতুন ব্র্যান্ডটির অন্যতম লক্ষ্য।
রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। ‘সার্কেল’ সেই যাত্রারই পরবর্তী ধাপ।
তিনি বলেন, ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে। শুধু আরও বেশি মানুষকে সংযুক্ত করাই নয়, বিদ্যমান সংযোগগুলোকে আরও অর্থবহ করে তোলাই এখন গুরুত্বপূর্ণ।
তরুণদের জন্য নতুন ডিজিটাল অভিজ্ঞতা
এয়ারটেলের তরুণ প্রজন্মকেন্দ্রিক ঐতিহ্যের ওপর ভিত্তি করেই ‘সার্কেল’কে সাজানো হয়েছে। নতুন ব্র্যান্ডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ ভবিষ্যৎমুখী প্রযুক্তি ও বিভিন্ন ডিজিটাল সুবিধা যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছে রবি।
‘সার্কেল’-এর লক্ষ্য আরও সাশ্রয়ী, আধুনিক ও ডিজিটালনির্ভর সেবা দেওয়া। বিনোদন, গেমিং, কনটেন্ট তৈরি এবং তরুণদের দৈনন্দিন বিভিন্ন ডিজিটাল কর্মকাণ্ডে নির্ভরযোগ্য সংযোগ ও উন্নত ডিজিটাল অভিজ্ঞতা দেওয়ার ওপর গুরুত্ব দেবে নতুন এই ব্র্যান্ড।
অর্থাৎ, পরিচিত এয়ারটেল নামটি বদলে গেলেও গ্রাহকদের ব্যবহৃত নম্বর, সিম, প্যাকেজ ও ব্যালান্সে কোনো পরিবর্তন হচ্ছে না। নতুন ব্র্যান্ড পরিচয়ে ডিজিটাল সেবাকে আরও আধুনিক করার লক্ষ্যেই সামনে এগোবে ‘সার্কেল’।









