বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬

মার্কা নয়, প্রার্থী দেখেই ভোট দেবেন ভোটাররা—রুমিন ফারহানা

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Voters will vote based on the candidate, not the brand Rumin Farhana
মার্কা নয়, প্রার্থী দেখেই ভোট দেবেন ভোটাররা—রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এবারের নির্বাচনে ভোটাররা দলীয় প্রতীক নয়, প্রার্থীর যোগ্যতা ও ব্যক্তিত্ব বিবেচনা করেই ভোট দেবেন। কেউ যদি মনে করে শুধু দলীয় মার্কার ওপর ভর করে নির্বাচনের তরী পার হওয়া যাবে, তাহলে সেটা হবে মারাত্মক ভুল।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের পূর্বপাড়ায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, কোনো এলাকার উন্নয়ন ও অগ্রগতি তখনই সম্ভব, যখন একজন যোগ্য অভিভাবক সেই এলাকার দায়িত্ব নেন। যোগ্য নেতৃত্ব না থাকলে এলাকার সার্বিক উন্নয়ন ব্যাহত হয়। তাই তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভোট দেওয়ার সময় যেন যোগ্য, শিক্ষিত, সৎ ও অভিজ্ঞ প্রার্থীকে বেছে নেওয়া হয়।

তিনি আরও বলেন, বিভিন্ন জরিপে উঠে এসেছে—এবারের নির্বাচনে প্রতি ১০০ জন ভোটারের মধ্যে অন্তত ৩০ জন দলীয় মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবেন। ভোটাররা খতিয়ে দেখবেন প্রার্থী সাহসী কি না, সৎ কি না, যোগ্য ও শিক্ষিত কি না এবং তিনি এলাকার উন্নয়নে কাজ করতে পারবেন কি না। সুতরাং কেউ যদি মনে করেন কেবল মার্কার জোরে নির্বাচন পার করে দেবেন, তার কোনো সুযোগ নেই। এবারের নির্বাচন মূলত যোগ্য প্রার্থী বাছাইয়ের নির্বাচন।

স্বতন্ত্র এই প্রার্থী আরও বলেন, পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ—চারদিকে তাকালেই এখন হাঁস আর হাঁস দেখা যাচ্ছে। এলাকায় হাঁসের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারেই আমাদের জয় সুনিশ্চিত হবে, ইনশাআল্লাহ।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা ১১ ও ১২ তারিখ—ভোটগ্রহণ ও ভোট গণনা পর্যন্ত এই দুদিন কেন্দ্রে পাহারা দেবেন। আর আমি আগামী পাঁচ বছর আপনাদের পাহারা দিয়ে রাখব, ইনশাআল্লাহ।

আরও পড়ুন