
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় এবার পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৭৬ জন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রকাশিত ফল অনুযায়ী, এবার দেশের ৭৪১টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। পাসের হার দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৪৯ শতাংশ।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাস ৬৪.০৫ শতাংশ
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন। এসব বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে এবার মোট ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
কারিগরি বোর্ডে পাসের হার ৫৮.২০ শতাংশ
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এবার অংশ নেয় ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী। এ বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন।
পরীক্ষা শেষের প্রায় তিন মাস পর ফল
গত ২১ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে জুলাই মাসে দেশব্যাপী প্রাকৃতিক দুর্যোগ এবং একই সময়ে এইচএসসি পরীক্ষা চলমান থাকায় উত্তরপত্র মূল্যায়নে কিছুটা বিলম্ব হয়।
এ কারণে নির্ধারিত সময়ের তুলনায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে দেরি হয়েছে।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে
প্রকাশিত ফলাফলে কোনো শিক্ষার্থী সন্তুষ্ট না হলে ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। মঙ্গলবার (১১ আগস্ট) থেকে এ আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ১৭ আগস্ট পর্যন্ত।
শিক্ষার্থীরা নির্ধারিত নিয়মে নিজ নিজ শিক্ষা বোর্ডের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন।







