
যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে কুমিল্লা জেলা ছাত্র ইউনিয়ন। একুশের প্রথম প্রহরেই জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছাত্রনেতা দীপ্ত দেবনাথের নেতৃত্বে কুমিল্লার টাউন হলের শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষার অধিকারের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
ছাত্রনেতা দীপ্ত দেবনাথ বলেন, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকেই শহীদ হন।
তাদের আত্মত্যাগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। সেই থেকে বিশ্বজুড়ে দিবসটি ভাষার মর্যাদা ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার অঙ্গীকার নিয়ে পালিত হয়ে আসছে। ৫২’র ভাষা আন্দোলনের এত যুগ পরেও বলতে হচ্ছে শহীদদের স্বপ্নসাধ পূর্ণ বাস্তবায়ন হয় নাই, বাংলা মাতৃভাষা রক্ষা ছাড়াও অসাম্প্রদায়িক ও বিজ্ঞানভিত্তিক একটি সাম্যের সমাজ তথা রাস্ট্রের স্বপ্ন দেখেছিলেন আমাদের শহিদেরা। সেই স্বপ্নসাধ বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের সংগ্রাম। আমাদের পূর্বসূরিদের দেখানো পথেই আমরা আছি। আমার গর্ব করে বলতে পারি বায়ান্নর সংগঠন – বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আমরা আমাদের শহিদদের স্বপ্নসাধ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে আছি এবং থাকবো, সেইটাই এই মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অঙ্গীকার। শহীদদের রক্ত পতাকা হাতেই আমরা চলব।







