
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের দ্বিতীয় দিনে মাঠে হার্ট অ্যাটাক, হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা বললেন দেহে প্রাণ নেই। এভাবেই না ফেরার দেশে চলে গেলেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস এর সহকারী কোচ মাহবুব আলি জাকি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরু হতে তখনও প্রায় ২০ মিনিট বাকি। মাঠের দুই পাশে নিজ নিজ ড্রেসিংরুমের সামনে ক্রিকেটাররা ওয়ার্ম আপ করছিলেন, সঙ্গে ছিলেন কোচিং স্টাফের সদস্যরাও। অনুশীলন চলাকালীন আচমকা মাটিতে লুটিয়ে পড়েন মাহবুব আলী জাকি। সঙ্গে সঙ্গে তাকে ঘিরে জড়ো হন টিম স্টাফরা।
প্রাথমিকভাবে বুঝে ওঠার আগেই তাকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা ক্যাপিটালস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ পর্যন্ত হৃদ্রোগে মারা যান তিনি।
মাঠে উপস্থিত সংশ্লিষ্টরা জানান, ঘটনার সময় পরিস্থিতি ছিল অত্যন্ত শোকাবহ। দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে কোচ হিসেবে কাজ করা মাহবুব আলী জাকির আকস্মিক মৃত্যু ক্রিকেট অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলেছে।










