শনিবার ১১ এপ্রিল, ২০২৬

মাঠ কাঁপালো ড. রেদোয়ান আহমেদের গণমিছিল

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

Rising Cumilla - Dr. Redwan Ahmed's mass procession shook the ground
মাঠ কাঁপালো ড. রেদোয়ান আহমেদের গণমিছিল

আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে ধানের শীষ প্রতীকের বিশাল গণমিছিলের মাধ্যমে রাজপথ কাঁপিয়েছে বিএনপি।

আজ রাত ৮টায় প্রচারণার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার প্রাক্কালে চান্দিনা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়। বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদের সমর্থনে আয়োজিত এই গণমিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

গণমিছিলটি চান্দিনা পৌরসভার প্রধান প্রধান সড়ক ও চান্দিনা সদর এলাকা প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগান আর ধানের শীষের মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সাধারণ ভোটার ও দলীয় কর্মীদের উপস্থিতিতে এই মিছিলটি এক পর্যায়ে বিশাল জনসমুদ্রে পরিণত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন।

প্রচারণার শেষ লগ্নে এমন বিশাল জমায়েত নির্বাচনী মাঠে ড. রেদোয়ান আহমেদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন স্থানীয় সাধারণ ভোটাররা। বিএনপির নেতাকর্মীরা জানান, দীর্ঘ সময় পর ধানের শীষ প্রতীকের সমর্থনে এত বড় জমায়েত তাদের বিজয়ের পথকে প্রশস্ত করবে। রাত ৮টার সময়সীমা মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই কর্মসূচি সমাপ্ত করা হয় এবং নেতাকর্মীদের নির্বাচনী মাঠ তদারকির দিকনির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন