
তথ্যপ্রযুক্তির এই যুগে কুমিল্লা-৬ আসনের বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী তার নির্বাচনী ইশতেহারে আইটি ভিলেজ স্থাপনের যে প্রস্তাব দিয়েছেন, তা অত্যন্ত আশাজাগানিয়া বলেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার কালির বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে অ্যাডভোকেট আলাল বলেন, নিরপরাধ আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি উদার ও সহনশীল আচরণের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, আওয়ামী লীগের মধ্যেও ভালো মানুষ রয়েছে। একটি দলের সবাই খারাপ হতে পারে না। বাংলাদেশে থাকার অধিকার সবার রয়েছে। তাই তাদের প্রতি আগ্রাসী আচরণ না করার জন্য নিজ দলের নেতাকর্মীদের প্রতিও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মনিরুল হক চৌধুরী তার উন্নয়ন পরিকল্পনায় কোনো বৈষম্য রাখেননি। তিনি মুসলমানদের গোরস্থানের উন্নয়নের কথা বলেছেন, একইভাবে সনাতন ধর্মাবলম্বী নারীদের জন্য উন্নত শ্মশান নির্মাণের কথা বলেছেন। পাশাপাশি খ্রিস্টান সম্প্রদায়ের চার্চ উন্নয়ন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ত্রিপুরা সম্প্রদায় সংরক্ষণের বিষয়টিও তার পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে।
জামায়াতের আমিরকে উদ্দেশ করে অ্যাডভোকেট আলাল বলেন, গণমাধ্যমে দেখেছি তিনি জনাব তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে আসার আহ্বান জানিয়েছেন। আমি তাকে বলতে চাই, আগে আমাদের যাইমা রহমানের সঙ্গে বিতর্ক করতে আসুন, তারপর দেখা যাবে।
নির্বাচনের দিন পোলিং এজেন্টদের উদ্দেশে নির্দেশনা দিয়ে তিনি বলেন, আমরা যখন হজ পালন করতে যাই, তখন আমাদের মা-বোনদের নিকাব খুলে ছবি তুলতে হয় এবং নিবন্ধন করতে হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নারী ভোটারদের মুখমণ্ডল প্রদর্শন করতে হবে। ভোটের দিন কেউ যেন ধর্মের দোহাই দিয়ে এ বিষয়ে কোনো ধরনের ঝামেলা সৃষ্টি না করে—সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় নেত্রী হলেন বেগম খালেদা জিয়া। ২০১৬ সালে বিএনপির জাতীয় কাউন্সিলে তিনি যে স্লোগান নির্ধারণ করেছিলেন—‘এমন মানুষ নানান মত, দেশ বাঁচাতে ঐক্যমত’—বিএনপি আজও সেই ধারার মধ্যেই অবিচল রয়েছে। এই ধারার অন্যতম সেনানি হচ্ছেন আপনাদের নেতা মনিরুল হক চৌধুরী।
সমাবেশে কুমিল্লার কোটবাড়ি, কালির বাজার ও লালমাই পাহাড় অঞ্চলকে কেন্দ্র করে মনিরুল হক চৌধুরীর প্রস্তাবিত আক্তার হামিদ খান স্যাটেলাইট সিটির ধারণাপত্র উপস্থাপন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. এম এম শরিফুল করিম। এ সময় উপস্থিত সকলের জন্য স্যাটেলাইট সিটির অডিও-ভিজুয়াল প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগ জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মো. মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক হাজী মো. তাজুল ইসলাম, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার, কালির বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।










