
কখনো কখনো নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই মন অস্থির হয়ে ওঠে। মাথার ভেতর ঘুরপাক খেতে থাকে নানা চিন্তা। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, অতীতের কোনো ঘটনা কিংবা কোনো সিদ্ধান্তের সঠিকতা নিয়ে ভাবতে ভাবতে একসময় মনোযোগ হারিয়ে যায়। প্রভাব পড়ে দৈনন্দিন কাজেও। এমন পরিস্থিতিতে মনের ভেতরে জমে থাকা ভাবনাগুলো কাগজে লিখে ফেলার অভ্যাস মানসিক স্বস্তি পেতে সহায়তা করতে পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী সাইকোলজি টুডে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মিত ডায়েরি লেখার অভ্যাস উদ্বেগ ও নেতিবাচক চিন্তার চাপ সামলাতে সহায়ক হতে পারে। নিজের চিন্তা, অনুভূতি ও অভিজ্ঞতা লিখে রাখার মাধ্যমে সেগুলোকে নতুনভাবে বোঝার সুযোগ তৈরি হয়। এতে মানসিক অস্থিরতার কারণ শনাক্ত করাও সহজ হতে পারে।
ডায়েরি লেখার জন্য সুন্দর ভাষা, গোছানো বাক্য কিংবা দীর্ঘ সময়ের প্রয়োজন নেই। প্রতিদিন অল্প কিছু সময় নিজের মনের কথা লিখে রাখার অভ্যাসই হতে পারে এর শুরু।
কেন উপকারী ডায়েরি লেখা
কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করতে থাকলে অনেক সময় একই ভাবনা বারবার মাথায় ঘুরতে থাকে। কী ঘটতে পারে, কোনো কিছু ভুল হলে কী হবে কিংবা নেওয়া সিদ্ধান্তটি সঠিক ছিল কি না—এমন নানা প্রশ্ন মনের অস্থিরতা বাড়িয়ে দেয়।
এ অবস্থায় নিজের ভাবনাগুলো কাগজে লিখে ফেললে সেগুলোকে গুছিয়ে দেখার সুযোগ পাওয়া যায়। কোন বিষয়টি সবচেয়ে বেশি ভাবাচ্ছে, কী কারণে দুশ্চিন্তা তৈরি হচ্ছে এবং কোন অনুভূতি মানসিক অস্থিরতার জন্য দায়ী—তা বুঝতে সুবিধা হয়।
বিশেষজ্ঞদের মতে, হাতে লিখতে গেলে চিন্তা সাজানো, স্মৃতি থেকে তথ্য মনে করা এবং অনুভূতিকে ভাষায় প্রকাশ করার মতো বিভিন্ন মানসিক প্রক্রিয়া সক্রিয় হয়। এতে নিজের চিন্তা ও অনুভূতি সম্পর্কে সচেতনতা বাড়তে পারে।
অনেক সময় মনের মধ্যে কোনো সমস্যা যতটা বড় মনে হয়, কাগজে লিখে দেখার পর সেটিকে ভিন্নভাবে উপলব্ধি করা সম্ভব হয়। পাশাপাশি কোন পরিস্থিতিতে উদ্বেগ বাড়ে এবং কোন বিষয়গুলো বারবার নেতিবাচক চিন্তার জন্ম দেয়, তা শনাক্ত করাও সহজ হয়।
শিশু-কিশোরদের জন্যও উপকারী
ডায়েরি লেখার অভ্যাস শুধু বড়দের জন্য নয়, শিশু-কিশোরদের আবেগ ও অনুভূতি বুঝতেও সহায়ক হতে পারে। পড়াশোনা, বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক কিংবা সামাজিক চাপ নিয়ে তাদের মনেও নানা ধরনের চিন্তা তৈরি হয়। তবে অনেক সময় তারা এসব অনুভূতি ঠিকভাবে প্রকাশ করতে পারে না।
ছোট শিশুদের ক্ষেত্রে ছবি আঁকা কিংবা কয়েকটি শব্দ লিখে মনের অবস্থা প্রকাশের সুযোগ দেওয়া যেতে পারে। প্রয়োজনে অভিভাবকেরা তাদের অনুভূতিগুলো বাক্যে প্রকাশ করতে সহযোগিতা করতে পারেন।
অন্যদিকে, কিশোর-কিশোরীদের জন্য ব্যক্তিগত ডায়েরি হতে পারে নিজের ভাবনা ও অনুভূতি প্রকাশের একটি নিরাপদ জায়গা। এতে তারা নিজেদের আবেগ সম্পর্কে আরও সচেতন হওয়ার সুযোগ পায়।
কী লিখবেন বুঝতে না পারলে
ডায়েরি লেখার অভ্যাস শুরু করতে কঠিন কোনো নিয়ম অনুসরণের প্রয়োজন নেই। প্রতিদিন কয়েক মিনিট সময় নিয়ে নিজের মনের কথা লিখতে পারেন। কী লিখবেন বুঝতে না পারলে কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে শুরু করা যেতে পারে।
যেমন—
এই মুহূর্তে কোন বিষয়টি আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে?
এমন কিছু কি আছে, যা কাউকে বলতে চাই কিন্তু বলা হয়নি?
কোন বিষয়গুলো আমার নিয়ন্ত্রণে আছে, আর কোনগুলো নেই?
আমার কোনো বন্ধু এমন পরিস্থিতিতে পড়লে তাকে কী পরামর্শ দিতাম?
আজকের দিনে ভালো কী ঘটেছে?
এই মুহূর্তে আমার কী প্রয়োজন?
এসব প্রশ্নের উত্তর লিখতে গিয়ে নিজের চিন্তা ও অনুভূতি সম্পর্কে নতুন উপলব্ধি তৈরি হতে পারে। একই সঙ্গে সমস্যাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগও তৈরি হয়।
নিজের জন্য রাখুন কিছুটা সময়
ডায়েরি লেখা উদ্বেগ দূর করার কোনো জাদুকরি উপায় নয়। মনের কথা কাগজে লিখলেই সব দুশ্চিন্তা শেষ হয়ে যাবে, এমনটিও নয়। তবে এটি চিন্তা থেকে কিছুটা দূরত্ব তৈরি করতে, আবেগ বুঝতে এবং মানসিক অস্থিরতার কারণ খুঁজে পেতে সহায়তা করতে পারে।
ব্যস্ত জীবনে কাজ, পড়াশোনা, পরিবার ও নানা দায়িত্ব সামলাতে গিয়ে অনেকেই নিজের জন্য সময় বের করতে পারেন না। অথচ প্রতিদিন কিছুটা সময় নিজের ভাবনা নিয়ে নিরিবিলি বসাও মানসিক যত্নের গুরুত্বপূর্ণ অংশ।
তাই দিনের যেকোনো সুবিধাজনক সময়ে কিছুক্ষণের জন্য মুঠোফোন বা কম্পিউটার থেকে দূরে সরে একটি খাতা ও কলম হাতে নিতে পারেন। সুন্দর ভাষা, নিখুঁত বানান কিংবা গোছানো বাক্যের প্রয়োজন নেই। মনের মধ্যে যা আসে, নিজের মতো করে লিখে ফেলুন।
কখনো কখনো মনের ভেতরের জমে থাকা কোলাহল কমানোর প্রথম পদক্ষেপ হতে পারে কাগজে কয়েকটি কথা লিখে ফেলার অভ্যাস।










