
ভোটারদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু দিয়েছেন আলোচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গণমিছিলে অংশ নিয়ে তিনি পথচারী ও ভোটারদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু দেন।
এতে উপস্থিত মানুষদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যায়।
বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার কর্মী-সমর্থকরা সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকা থেকে একটি গণমিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এই গণমিছিলে হাজারের বেশি মানুষ অংশ নেন। মিছিল ঘিরে কর্মী-সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। মিছিল চলাকালে পথে পথে সাধারণ মানুষের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন রুমিন ফারহানা। বিভিন্ন স্থানে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে ও উড়ন্ত চুমু দিয়ে শুভেচ্ছার জবাব দেন।
প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হওয়ার আগে এটিই ছিল ব্যারিস্টার রুমিন ফারহানার শেষ গণমিছিল।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ কারণে কেন্দ্রীয় বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে।








