শনিবার ১৪ মার্চ, ২০২৬

ভূমিকম্পের আতঙ্কে কুমিল্লা ইপিজেডে জ্ঞান হারালেন অন্তত ৮০ নারী কর্মী

রাইজিং কুমিল্লা ডেস্ক

ভূমিকম্পের আতঙ্কে কুমিল্লা ইপিজেডে জ্ঞান হারালেন অন্তত ৮০ নারী কর্মী, আহত ৫/ছবি: ভিডিও থেকে নেয়া

কুমিল্লা ইপিজেডের একটি কারখানায় ভূমিকম্পের আতঙ্কে অন্তত ৮০ জন নারী কর্মী জ্ঞান হারিয়ে ফেলেন। শুক্রবার (২১ নভেম্বর) এই ঘটনার সময় তাড়াহুড়ো করে কারখানা থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে আরও ৫ জন আহত হয়েছেন।

আহত ও জ্ঞান হারানো কর্মীদের দ্রুত চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৫০ জন ইপিজেডের ভেতরের বেপজা মেডিকেল সেন্টারে (হাসপাতালে) চিকিৎসা নিয়েছেন এবং বাকি ৩০ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, ভূমিকম্পের সময় ‘ব্যান্ডিক্স’ সহ আরও একটি কোম্পানির নারী কর্মীরা ভয়ে ছোটাছুটি করতে গিয়ে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন। তিনি আরও জানান, কর্মীদের আঘাত গুরুতর নয় এবং সবাই প্রাথমিক চিকিৎসা শেষে নিজেদের বাড়িতে ফিরে গেছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ নিশ্চিত করেন যে, তাদের হাসপাতালে মোট ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, ভূমিকম্পের প্রভাবে কুমিল্লার বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, জেলার দাউদকান্দি উপজেলার একটি ৫তলা ভবন হেলে পড়েছে। এছাড়াও অপর একটি ভবনে ফাটল ধরেছে বলে জানা গেছে।

আরও পড়ুন