রবিবার ২৯ মার্চ, ২০২৬

ভারত থেকে আসছে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

রাইজিং কুমিল্লা ডেস্ক

ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার।

চলতি মাসে তৃতীয় দফায় গতকাল শনিবার (২৮ মার্চ) পাইপলাইনের মাধ্যমে ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি চালান বাংলাদেশে আসা শুরু করেছে।

এর আগে শুক্রবার বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ৫ হাজার মেট্রিক টন ডিজেল তেল এসে পৌঁছায়। জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিন হওয়া সত্ত্বেও ডিপো খোলা রাখে কর্তৃপক্ষ।

এরও আগে, গত ১১ মার্চ একই পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুর ডিপোতে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল তেল পৌঁছায়। ফলে চলতি মাসে পাইপলাইনের মাধ্যমে ইতোমধ্যে দুই ধাপে মোট ১০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি সম্পন্ন হয়েছে।

তৃতীয় দফার এই চালান শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে পাম্পিংয়ের মাধ্যমে পাঠানো শুরু হয়। টানা প্রায় ৬০ ঘণ্টা পাম্পিং শেষে মঙ্গলবার সকাল ৬টার দিকে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসব ডিজেল সম্পূর্ণভাবে পৌঁছাবে বলে জানা গেছে।

পার্বতীপুর পদ্মা ওয়েল পিএলসি ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) আহসান হাবিব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি মাসে এটি তৃতীয় দফার সরবরাহ। তিনি বলেন, শনিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল পাম্পিং শুরু হয়েছে।

সব মিলিয়ে চলতি মার্চ মাসে ভারত থেকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে তিন ধাপে মোট ১৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হচ্ছে, যার সর্বশেষ ধাপে ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসছে।

আরও পড়ুন