বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬

ভাইরাল ভিডিও বিতর্ক: আদালতে লিখিত ব্যাখ্যা দিলেন মঞ্জুরুল আহসান মুন্সী

রাইজিং ডেস্ক

ভাইরাল ভিডিও বিতর্ক: আদালতে লিখিত ব্যাখ্যা দিলেন মঞ্জুরুল আহসান মুন্সী
ভাইরাল ভিডিও বিতর্ক: আদালতে লিখিত ব্যাখ্যা দিলেন মঞ্জুরুল আহসান মুন্সী/ছবি: রাইজিং কুমিল্লা

কুমিল্লা-৪ আসনে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে সাবেক সংসদ সদস্য ও বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী আদালতে লিখিত ব্যাখ্যা দাখিল করেছেন। শুনানি শেষে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি সিদ্ধান্ত গ্রহণের জন্য নির্বাচন-পরবর্তী সময় নির্ধারণ করেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) কুমিল্লার সিনিয়র সিভিল জজ ও নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান তাফরিমা তাবাসুমের আদালতে সশরীরে হাজির হয়ে তিনি তার লিখিত জবাব জমা দেন। এর আগে মঙ্গলবার জারি করা কারণ দর্শানোর নোটিশে তাকে বেলা আড়াইটার মধ্যে আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।

শুনানি শেষে মুন্সীর আইনজীবী ব্যারিস্টার এ বি এম হামিদুল মিসবাহ সাংবাদিকদের বলেন, তার মক্কেল অভিযোগে উত্থাপিত বক্তব্য দেননি এবং কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তার বা তার সমর্থিত কোনো ফেসবুক আইডি থেকে প্রচারিত হয়নি বলেও দাবি করেন তিনি।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা অন্য কোনো প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করে অপপ্রচার চালানো হয়ে থাকতে পারে। ভিডিওটির সত্যতা যাচাই ও ফরেনসিক পরীক্ষা ছাড়া কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে মঞ্জুরুল আহসান মুন্সীর একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে মুন্সীকে বলতে শোনা যায়, বিএনপি ক্ষমতায় থাকলে অন্য দলকে ভোট দিলে কাউকে ছাড়বেন না এবং প্রয়োজনে ঘরবাড়ি পুড়িয়ে দেবেন।

ভিডিওটি প্রকাশের পর মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি তাকে দলের সব পদ থেকে বহিষ্কার করে।

আরও পড়ুন