
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯, সিপিসি -১।
রোববার (২৩ নভেম্বর) উপজেলার নোয়াগাঁও গ্রামের একটি ইটভাটার পার্শ্ববর্তী ঝোপ থেকে অভিযান চালিয়ে ৪০৫ রাউন্ড গুলি এবং দুটি বিদেশি এয়ারগান উদ্ধার করা হয়।
রোববার সন্ধ্যায় র্যাব-৯ এর পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব-৯ এর দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ অস্ত্র উদ্ধারে বাহিনীর নিয়মিত অভিযান সারা দেশে অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াগাঁও গ্রামে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময়, র্যাবের সদস্যরা সোনালী ইটভাটার ঠিক পাশের একটি ঝোঁপের মধ্য থেকে বস্তাবন্দী অবস্থায় দুটি সচল বিদেশি এয়ারগান এবং ৪০৫ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রের ব্যবহার প্রসঙ্গে র্যাব-৯ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. নুরনবী বলেন, প্রাথমিক ধারণা অনুযায়ী, এসব এয়ারগান সাধারণত ডাকাতির উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে। তিনি আরও জানান, গোপন সূত্রের মাধ্যমে সঠিক খবর পেয়ে র্যাবের একটি বিশেষ দল দ্রুত সেখানে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করে।
উদ্ধার কার্যক্রম শেষে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য উদ্ধারকৃত সমস্ত গুলি ও এয়ারগান সরাইল থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে।









