
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা ইন্তেকাল করেছেন। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)কে এ তথ্য নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, গত সোমবার নিজ কর্মস্থলে মাইগ্রেনজনিত অসুস্থতায় ভুগলে ইউএনও ফেরদৌস আরাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
বাঞ্ছারামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া জানান, সোমবার অসুস্থ বোধ করার পর ফেরদৌস আরা ঢাকায় যান এবং মাইগ্রেনের তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। বুধবার সকাল ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
ফেরদৌস আরা ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। তিনি গত বছরের জানুয়ারি মাসে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।
ব্যক্তিগত জীবনে ফেরদৌস আরার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় এবং শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানে বাড়ি এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, তাকে তার শ্বশুরবাড়ি দাউদকান্দিতে দাফন করা হবে। তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন।
ইউএনও ফেরদৌস আরার মৃত্যুতে প্রশাসনসহ স্থানীয় পর্যায়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।










