
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে দায়িত্বরত জাহাঙ্গীর নামের এক উপপরিদর্শক (এসআই) নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (৪ নভেম্বর) সকালে ক্যাম্পের ভেতর এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে। তিনি সশস্ত্র উপপরিদর্শক হিসেবে আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা ফাঁড়িতে কর্মরত ছিলেন।
ঘটনার বিবরণ দিয়ে আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু কাওসার জানান, সার কারখানার সার্বিক নিরাপত্তার দায়িত্বে ঐ ক্যাম্পে ১০ থেকে ১২ জনের একটি পুলিশ দল নিয়মিত কাজ করে। তাদের একজন এসআই জাহাঙ্গীর আলম। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ সূত্রে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র পারিবারিক কলহের জেরে মানসিক অশান্তি থেকে তিনি এই চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম জানান, এসআই জাহাঙ্গীর আলম নিজের নামে ইস্যু করা সরকারি পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন। সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।









