
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থোপেডিকস চিকিৎসক হিসেবে যোগদান করেছেন মানবিক চিকিৎসক খ্যাত ডাঃ মোঃ সোলায়মান। এর আগে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি।
শনিবার (১৮ অক্টোবর) সকালে সরাইলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন ডাঃ মোঃ সোলায়মান। এসময় স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের সরাইলে’র পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নিজাম উদ্দিন, মেডিকেল অফিসার ডাঃ মোঃ কামরুল হাসান, স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের সরাইলে’র সিনিয়র এডমিন রায়হান চৌধুরী অভি, সিনিয়র এডমিন শিবলী সাদিক, আতিকুল ইসলাম ইফরান, মোঃ জনি, স্বেচ্ছাসেবী কামরুল, শিফাত ইসলাম নূর, দ্বীন ইসলাম ও আহমেদ সবুজ প্রমুখ।
শুভেচ্ছা প্রদান পরবর্তী সময়ে ডাঃ মোঃ সোলায়মান বলেন, কর্মস্থল হিসেবে সরাইল নতুন হলেও এখানকার জনপদ ও জনসাধারণ আমার পূর্ব থেকেই চেনা। আমার অসংখ্য রোগী ও শুভাকাঙ্ক্ষী রয়েছেন এখানে। আমি সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, ডাঃ মোঃ সোলায়মান একজন মানবিক চিকিৎসক হিসেবে ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা জুড়ে পরিচিত। অসহায়, নিম্নবিত্ত, ভবঘুরে মানুষদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের পাশাপাশি নানাধরণের সহযোগিতা করে থাকেন তিনি।








