
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও আদর্শের চর্চা এবং শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে শিশু নাট্যমের উদ্যোগে নজরুল বর্ষ ও বিশ্ব শিশু দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মোর্তজা বর্ষণের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশু নাট্যমের সাধারণ সম্পাদক নিয়াজ মো. খান বিটু।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহিদুল ইসলাম এবং জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিশু শিক্ষার্থী অংশ নেয়। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ আয়োজনের মধ্য দিয়ে শিশুদের মধ্যে সাহিত্য-সংস্কৃতির চর্চা, সৃজনশীলতা ও শিল্পমনস্কতা বিকাশের সুযোগ তৈরি হয়।










