
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) এর নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শাহজামান। আগামী ২৯ ডিসেম্বর ভোটের দিন নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে তিনি এ নির্বাচন তফসিল ঘোষণা করেন।
এদিকে, আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ব্রাকসু এর সুনির্দিষ্ট রোড ম্যাপ প্রকাশ ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের দাবিতে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। তারই ফলশ্রুতিতে সন্ধ্যা ছয়টা নাগাদ নির্বাচন কমিশনের এক বৈঠকে ব্রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা এবং নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।
তফসিল অনুযায়ী, ২২ নভেম্বর খসড়া এবং ২৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনী প্রার্থীদের জন্য ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর মনোনয়ন গ্রহণ এবং ২ ডিসেম্বর ও ৩ ডিসেম্বর মনোনয়ন দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও ১০ ডিসেম্বর নির্বাচনী প্রার্থীদের ডোপ টেস্ট সম্পন্ন হওয়ার পর ১৩ ডিসেম্বর নির্বাচনী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। অবশেষে ২৯ ডিসেম্বর ভোট গ্রহণ,ভোট গণনা এবং নির্বাচনের ফলাফল প্রকাশের মাধ্যমে ব্রাকসু নির্বাচন আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হবে।










