
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্থানীয় সরকার ব্যবস্থার সেবা প্রদান ও সিটি কর্পোরেশনের পারফরম্যান্স বিষয়ে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। লোকপ্রশাসন বিভাগের আয়োজনে ইউজিসি ও বিশ্বব্যাংকের হায়ার এডুকেশন ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় একটি সাব-প্রজেক্টের অংশ হিসেবে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়।
ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, ওয়ার্কশপের মূল থিমটি অত্যন্ত সময়োপযোগী ও গ্রহণযোগ্য। সরকার বর্তমানে বিভিন্ন খাতে ডিজিটালাইজেশনের মাধ্যমে সেবা প্রদান সহজ করার উদ্যোগ নিয়েছে। বিশেষ করে ভূমি অফিসে আগে যেসব ভোগান্তি ছিল, এখন ডাটাবেজ ব্যবস্থার মাধ্যমে তা অনেকটাই কমে এসেছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত সেবার মান আরও উন্নত করা এবং জ্ঞান ও চিন্তাভাবনার মাধ্যমে দেশের নীতিনির্ধারণী পর্যায়ে অবদান রাখা।
লোকপ্রশাসন বিভাগের শিক্ষক নিয়াজ মাখদুমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. ফেরদৌস রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মুজাহিদুল ইসলাম, বিভাগের শিক্ষক আফজাল হোসেন শাকিল এবং এ এম এম মুবাশ্বির শাহ।
প্রকল্পের সহকারী সাব-প্রজেক্ট ম্যানেজার ও লোকপ্রশাসন বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশের ১২টি সিটি কর্পোরেশন থেকে প্রায় দুই কোটি মানুষ বিভিন্ন সেবা গ্রহণ করে থাকে। এই গবেষণা প্রকল্পের মাধ্যমে সিটি কর্পোরেশনগুলোর পারফরম্যান্স মূল্যায়ন করে উন্নত সেবা প্রদানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার কীভাবে আরও কার্যকর করা যায়, সে বিষয়ে সুপারিশ প্রদান করা হবে।
প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার নিয়াজ মাখদুম বলেন, এই ওয়ার্কশপের মাধ্যমে আমাদের গবেষণা প্রকল্পের কার্যক্রম শুরু হলো। পরবর্তীতে তথ্য সংগ্রহ শেষে আরও ওয়ার্কশপের আয়োজন করা হবে, যেখানে সংগৃহীত ডাটার কার্যকারিতা ও বিশ্লেষণ নিয়ে আলোচনা করা হবে। এই গবেষণার মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের পথনির্দেশনা দেওয়া সম্ভব হবে।









