
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে। এই শোকের কারণে আজকের নির্ধারিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। শিগগিরই নতুন করে ম্যাচগুলোর সূচি ঘোষণা করা হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশে শোক বিরাজ করছে। প্রয়াত দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজকের নির্ধারিত সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাতিল হওয়া ম্যাচগুলো পরবর্তীতে পুনঃনির্ধারিত সূচিতে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি লেখেন,
‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তাঁর রূহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’










