শনিবার ৩০ মে, ২০২৬

বেকে গেছে থানার দেয়াল, খালের পাশে ঝুঁকিপূর্ণ চলাচল

মঈনউদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি

বেকে গেছে থানার দেয়াল, খালের পাশে ঝুঁকিপূর্ণ চলাচল
বেকে গেছে থানার দেয়াল, খালের পাশে ঝুঁকিপূর্ণ চলাচল/ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের হালিশহর এলাকায় অবস্থিত হালিশহর থানার গার্ড ওয়াল এবং মহেশ খালের পাশের গার্ড ওয়ালের বেহাল অবস্থার কারণে চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এই অবকাঠামো দ্রুত সংস্কার না করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

হালিশহর থানার পাশ দিয়ে ফইল্যাতলি বাজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যাতায়াতের জন্য ব্যবহৃত সড়কটি এলাকার মানুষের অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম।

কিন্তু সড়কের এক পাশে থাকা থানার গার্ড ওয়াল মারাত্মকভাবে বেঁকে গেছে এবং দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, দেয়ালটি তার স্বাভাবিক অবস্থান থেকে প্রায় তিন ফুট হেলে পড়েছে, যা যে কোনো সময় ধসে পড়তে পারে।

অন্যদিকে মহেশ খালের পাশের গার্ড ওয়ালও পর্যাপ্ত উচ্চতার না হওয়ায় যানবাহন ও পথচারীদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, অতীতে একাধিক যানবাহন ও যাত্রী খালে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। বিশেষ করে রাতের বেলা এবং বর্ষাকালে এ ঝুঁকি আরও বেড়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, বর্ষা মৌসুমে ভারী বৃষ্টি কিংবা ঝড়ো আবহাওয়ার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ঝুঁকিপূর্ণ দেয়াল ধসে পড়ার পাশাপাশি সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই মানুষকে এই পথ ব্যবহার করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি বলে অভিযোগ করেন।

তারা দ্রুত ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সতর্কতামূলক ব্যারিকেড স্থাপন, বিকল্প নিরাপদ চলাচলের ব্যবস্থা, হালিশহর থানার ঝুঁকিপূর্ণ গার্ড ওয়াল অপসারণ ও পুনর্নির্মাণ, সড়ক সংস্কার এবং মহেশ খালের গার্ড ওয়াল উঁচু করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী বলেন, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন