মঙ্গলবার ২০ অক্টোবর, ২০২৬

‘বিয়েটা ছিল ব্যাবসায়িক সম্পর্কের মতো’, ১০ বছরের সংসার ভাঙার কারণ প্রসঙ্গে ইভা মারি

বিনোদন ডেস্ক

Rising Cumilla - Eva Marie and Jonathan Coyle
ডব্লিউডব্লিউই তারকা ইভা মারি ও তার স্বামী জোনাথন কোয়েল/ছবি : সংগৃহীত

দীর্ঘ ১০ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন সাবেক ডব্লিউডব্লিউই তারকা ইভা মারি ও তার স্বামী জোনাথন কোয়েল। ২০২৫ সালের আগস্টে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।

বিচ্ছেদের পর এবার সম্পর্ক ভাঙার কারণ নিয়ে মুখ খুলেছেন ইভা। জানিয়েছেন, একসময় তাদের দাম্পত্য সম্পর্ক ভালোবাসার চেয়ে ব্যাবসায়িক অংশীদারির মতো হয়ে উঠেছিল।

যুক্তরাষ্ট্রের বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম পেজ সিক্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন ৪২ বছর বয়সী এই তারকা। গত শুক্রবার (১৬ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে তাদের বিচ্ছেদের নানা দিক।

ইভা মারির ভাষ্য, বিচ্ছেদের পেছনে একাধিক কারণ থাকলেও তাদের সম্পর্কে বড় কোনো সংঘাত কিংবা নাটকীয় ঘটনা ঘটেনি। বরং জীবনের নতুন অধ্যায় শুরু করার আকাঙ্ক্ষা, পেশাগত পরিবর্তন এবং ৪০ বছর পেরিয়ে নিজের জীবন নিয়ে নতুন করে ভাবনাই তাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে।

ইভা জানান, তার ও কোয়েলের মধ্যে বোঝাপড়া ভালো ছিল। তারা একে অপরের সঙ্গে স্বচ্ছন্দ ছিলেন, বন্ধুত্বও ছিল।

তবে সময়ের সঙ্গে তাদের দাম্পত্য সম্পর্কের ধরন বদলে যায়। একপর্যায়ে সম্পর্কটি অনেকটা ব্যাবসায়িক অংশীদারির মতো হয়ে ওঠে।

এ প্রসঙ্গে ইভা বলেন, ‘আমাদের সম্পর্কটা ছিল অনেকটা লেনদেনভিত্তিক ব্যাবসায়িক সম্পর্কের মতো। আমরা ভালোভাবে চলতাম, একে অপরের খুব ভালো বন্ধুও ছিলাম। কিন্তু বিয়ে আসলে এমন কিছু নয়, আর আমি আমার দাম্পত্য জীবনকে এমন দেখতে চাইনি।

তিনি আরো জানান, নিজের জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে চেয়েছেন তিনি। জীবনে যতটা সম্ভব সৎ ও সুখী থাকাই ছিল তার প্রত্যাশা। একই সঙ্গে সাবেক স্বামীও যেন নিজের মতো করে সুখী হতে পারেন, সেটিও চেয়েছেন এই তারকা।

বিচ্ছেদের পর জোনাথন কোয়েলের সঙ্গে তার সম্পর্ক কেমন, এমন প্রশ্নের জবাবে ইভা জানান, সাবেক স্বামীর প্রতি তার কোনো ক্ষোভ কিংবা তিক্ততা নেই। তবে তাদের মধ্যে এখন আর আগের মতো বন্ধুত্বপূর্ণ যোগাযোগও নেই।

ইভা বলেন, ‘আমি তার মঙ্গল কামনা করি—তবে দূর থেকেই। তার প্রতি আমার কোনো তিক্ততা নেই। কিন্তু আমরা এখন এমন বন্ধু নই যে তাকে ফোন করে কথা বলব।’

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন ইভা। আবেদনে তিনি উল্লেখ করেন, ২০২৩ সালের অক্টোবর থেকেই তারা আলাদা থাকছেন। বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার আগে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি টেক্সাসে থাকা তাদের যৌথ বাড়ি বিক্রির মতো বিষয়ও সামলাতে হয়েছে তাকে।

ইভার মতে, তাদের কোনো সন্তান না থাকায় বিচ্ছেদের প্রক্রিয়া তুলনামূলকভাবে কম জটিল হয়েছে। সন্তান থাকলে বিচ্ছেদ আরো কঠিন, চাপপূর্ণ ও আবেগঘন হয়ে উঠতে পারত বলেও মনে করেন তিনি।

ব্যক্তিজীবনের পাশাপাশি পেশাগত জীবনেও নানা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন ইভা মারি। ডব্লিউডব্লিউইতে দুই দফায় প্রায় পাঁচ বছর কাজ করেছেন তিনি। এ ছাড়া জনপ্রিয় রেসলিংভিত্তিক বাস্তবধর্মী অনুষ্ঠান ‘টোটাল ডিভাস’-এ অংশ নিয়েও পরিচিতি পেয়েছিলেন।

২০২৩ সালে ‘হোপাহলিকস’ পডকাস্টের সহ-উপস্থাপক হিসেবে যুক্ত হন ইভা। একই সময়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লেগুনা বিচে প্রতিষ্ঠা করেন এনইএম রিকভারি সেন্টার। বর্তমানে নতুন ব্যাবসায়িক উদ্যোগ নিয়েও ব্যস্ত রয়েছেন তিনি।

সাবস্ক্রিপশনভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ‘পাসেস’-এ যুক্ত হওয়ার পাশাপাশি ডব্লিউডব্লিউইর সামারস্ল্যাম ২০২১-এ পরা নিজের পরিচিত গোলাপি পোশাকটি নিলামে তুলেছেন এই তারকা। নিলাম থেকে পাওয়া অর্থের একটি অংশ নিজের পুনর্বাসনকেন্দ্রে দান করার পরিকল্পনা রয়েছে তার। এর মাধ্যমে কারো চিকিৎসা নেওয়ার সুযোগ তৈরি করতে চান তিনি।

আরও পড়ুন