
লক্ষ্মীপুরের সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের কাঞ্চনি বাজার এলাকায় বিয়ে বাড়িতে পানি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বর-কনেসহ উভয়পক্ষের ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, চর রুহিতা ইউনিয়নের কাঞ্চনি বাজার এলাকার মাঝি বাড়ির হুমায়ুন কবিরের মেয়ে রুমা আক্তারের সঙ্গে একই ইউনিয়নের চর রুহিতা গ্রামের হাওলাদার বাড়ির দিন মোহাম্মদের ছেলের সঙ্গে দুই বছর আগে বিয়ে হয়।
শুক্রবার বরযাত্রীরা কনের বাড়িতে যান। ১৩০ জন বরযাত্রীর যাওয়ার কথা থাকলেও কনেপক্ষের দাবি তারা আরো বেশি অতিথি যান। এ নিয়ে দু’পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়।
একপর্যায়ে বরের দুলাভাই নাসির পানি চাইলে তা দিতে দেরি হওয়ায় বরপক্ষের লোকজন চেয়ার টেবিল ভাঙচুর করে। এ নিয়ে দু’পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বর কামাল হোসেন, কনে রুমা আক্তারসহ দু’পক্ষের ১২ জন আহত হন।
সদর মডেল থানার এসআই আবদুল হান্নান বলেন, আমরা বিয়ে বাড়িতে গিয়েছি। বর ও কনের বাবাসহ উভয়পক্ষের সঙ্গে কথা বলেছি। উভয়পক্ষ স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসা করবেন বলে জানিয়েছেন।










