
টান টান উত্তেজনায় জমে উঠেছে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর ৭৪তম আসর। এই বিশ্বমঞ্চে দ্যুতি ছড়াচ্ছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। ইতোমধ্যে কয়েক ধাপের প্রতিযোগিতা শেষ হয়েছে। তবে সম্প্রতি একটি পর্বে বিকিনি পরা অবস্থায় হাজির হওয়ার পর থেকেই মিথিলার পোশাক নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, যা নজরে আসে মিস ইউনিভার্স বাংলাদেশেরও।
পোশাক নিয়ে চলমান বিতর্কের মধ্যে একটি ভিডিও বার্তায় দেশের মানুষের প্রতি তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এই সুন্দরী। পাশাপাশি তিনি মিস ইউনিভার্স প্রতিযোগিতার কঠিন বাস্তবতা তুলে ধরেছেন।
নিজের কষ্টের কথা তুলে ধরে মিথিলা বলেন, “আমাকে অন্যান্য দেশের মানুষ ট্রল করলে আমার কিছু আসে যায় না, কিন্তু আমাদের দেশের মানুষ তো দেখতেছে আমি কী কষ্ট করতেছি। একটা এত বড় দেশ, এত বড় দেশ থেকে যদি একজন ভালো কন্টেস্ট্যান্ট এসে যদি চেষ্টা করে, এত কষ্ট, এত ডিসিপ্লিন, টাইমলি সবকিছু করা, এত এফোর্ট, এত এত কিছু শিখে, এত কিছু করেও যদি নিজের দেশের মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন না পায়, তাহলে তো এটা খুবই কষ্টের।”
বিকিনি পরা নিয়ে যে বিতর্ক চলছে, সে বিষয়ে মিথিলা স্পষ্ট করে বলেন, “আর আমি কতবার বলব, আমি যদি বিকিনি না পরি, তাহলে আমি টপ থার্টিতেই যেতে পারব না। তো আপনারা তো চান যে আমি জিতি। তো জিততে হলে আমাকে তাহলে তো বিকিনি পরতে হবে। এখানে আসলে রিলিজিয়নের কিছু নাই। এখানে আমাকে জিততে হলে, বাংলাদেশকে যদি জেতাতে হয়, তাহলে আমাকে পরতে হবে।”
সবশেষে প্রতিযোগিতাটির গুরুত্ব তুলে ধরে মিথিলা দেশবাসীর সহযোগিতা কামনা করেন: “এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা জায়গা। এতগুলো মানুষের সঙ্গে কম্পিটিশন এবং সবাই ভালো। এখানে কেউ খারাপ না, সবাই ভালো। তো এদের সঙ্গে কম্পিট করতে হলে আমাকে কিন্তু অনেক ভালো করতে হবে, আমার দেশের মানুষকেও অনেক আগায় আসতে হবে।”
উল্লেখ্য, ভোটিং পর্বে তিনি বিশ্বব্যাপী ১২১ জন প্রতিযোগীর মধ্যে শীর্ষ দুইয়ে অবস্থান করছেন।










