
সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে দেশটিতে প্রতিবছর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মোট ৫০০টি বৃত্তি প্রদান করা হবে।
স্থানীয় সময় শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে এ তথ্য জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরব বর্তমানে ৩০টি পাবলিক ও ১৪টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বিশ্বমানের উচ্চশিক্ষা প্রদান করে আসছে। এসব বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর (মাস্টার্স), পিএইচডি ও ডিপ্লোমা পর্যায়ের বিভিন্ন কোর্স পরিচালিত হয়। এসব প্রোগ্রামে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা বৃত্তিসহ অধ্যয়নের সুযোগ পাচ্ছেন।
যেসব বিষয়ে পড়ার সুযোগ থাকছে
বাংলাদেশি শিক্ষার্থীরা সৌদি আরবে বৃত্তির আওতায় মোট ১০টি বিষয়ে পড়াশোনার সুযোগ পাবেন। বিষয়গুলো হলো—
অর্থনীতি
ব্যবসায় প্রশাসন
শিক্ষা
আইন
রাজনীতি
গণমাধ্যম
ধর্ম ও ভাষা শিক্ষা
কৃষি
কম্পিউটার বিজ্ঞান
প্রকৌশল
বয়সসীমা
বৃত্তির আওতায় পড়াশোনার জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে—
স্নাতক পর্যায়: ১৭ থেকে ২৫ বছর
স্নাতকোত্তর (মাস্টার্স): সর্বোচ্চ ৩০ বছর
পিএইচডি: সর্বোচ্চ ৩৫ বছর
যেসব বিশ্ববিদ্যালয়ে বৃত্তিতে পড়ার সুযোগ
বৃত্তির আওতায় সৌদি আরবের যেসব খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাবেন, তার মধ্যে রয়েছে—
ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা
কিং সৌদ ইউনিভার্সিটি
ইমাম মুহাম্মাদ বিন সৌদ ইউনিভার্সিটি
তায়েফ ইউনিভার্সিটি
নর্দার্ন বর্ডার ইউনিভার্সিটি
হাইল বিশ্ববিদ্যালয়
নাজরান বিশ্ববিদ্যালয়
জাযান বিশ্ববিদ্যালয়
উম্মুল ক্বোরা বিশ্ববিদ্যালয়
কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়
এছাড়াও আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ রয়েছে।
আবেদন পদ্ধতিতে পরিবর্তন
এর আগে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে বিদেশি শিক্ষার্থীদের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে আবেদন করতে হতো। তবে নতুন ব্যবস্থায় সেই প্রক্রিয়া সহজ করা হয়েছে।
ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এখন একজন শিক্ষার্থী তার পছন্দ অনুযায়ী ২৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে যেকোনো তিনটি বিশ্ববিদ্যালয় নির্বাচন করে আবেদন করতে পারবেন। আবেদন শেষে মেধা ও নির্ধারিত কোটার ভিত্তিতে বিদেশি শিক্ষার্থীদের নির্বাচন করা হবে।
অনলাইন আবেদন প্ল্যাটফর্ম
সৌদি আরবে উচ্চশিক্ষার জন্য আবেদন প্রক্রিয়া সহজ করতে “Study in Saudi” নামে একটি একক অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।
সৌদি বৃত্তি সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইট: https://studyinsaudi.moe.gov.sa/Universities






