
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ–২০২৫ এর ৭ম ধাপের ১৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সফল সমাপ্তি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সারাদেশব্যাপী একযোগে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
এ ধাপে দেশের ৬৪টি জেলার মোট ৬,০৩২ (ছয় হাজার নয়শত ছত্রিশ) জন প্রশিক্ষণার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বাহিনীর মহাপরিচালকের প্রত্যক্ষ নির্দেশনায় আয়োজিত এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল তৃণমূল পর্যায়ে আনসার প্লাটুনকে আরও সুসংগঠিত করা এবং দেশরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে সচেতনতা ও চেতনাকে সুদৃঢ় করা।
অভিজ্ঞ প্রশিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীরা আসন্ন জাতীয় নির্বাচনসহ রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে স্বেচ্ছাশ্রম ও দায়িত্ব পালনের লক্ষ্যে বাস্তবমুখী অনুশীলন সম্পন্ন করেন। প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্মকে নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এছাড়াও প্রশিক্ষণকালীন সময়ে অতিথি বক্তাদের দিকনির্দেশনামূলক সেশন প্রশিক্ষণার্থীদের জ্ঞান, দক্ষতা ও দায়িত্ববোধকে আরও সমৃদ্ধ ও কার্যকর করে তোলে।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে একযোগে জাতীয় সেবায় আত্মনিয়োগের শপথ বাক্য পাঠ করেন। অনুষ্ঠানের শেষপর্বে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য, দেশব্যাপী পর্যায়ক্রমে মোট ৮টি ধাপে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সর্বমোট ৫২,১৮৩ (বায়ান্ন হাজার একশত তিরাশি) জন প্রশিক্ষণার্থীকে উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে।







