
বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. রবিউল ইসলাম সভাপতি এবং দৈনিক আমার দেশ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মাসুদ রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি)-এর চতুর্থ তলায় অবস্থিত ববিসাস কার্যালয়ে নির্বাচনি কার্যক্রম শেষে বেলা ১টায় প্রধান নির্বাচন কমিশনার ড. রাহাত হোসাইন ফয়সাল ফলাফল ঘোষণা করেন।
নয় সদস্যবিশিষ্ট নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মেহরাব হোসেন (নয়া দিগন্ত), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জাইফ (এনটিভি), দপ্তর সম্পাদক এনামুল হোসেন (মানবকণ্ঠ), কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম হৃদয় (বাংলাদেশ মেইল) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলিবদ্দিন (ঢাকা টাইমস)
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তামজিদ হোসেন মজুমদার (দ্য ডেইলি ক্যাম্পাস) ও তৌফিক হাসান তপু (দ্য ডেইলি সানশাইন)।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক ড. আব্দুল আলিম বছির, সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন, ববিসাসের সদ্য সাবেক সভাপতি মো. জাহিদ হোসেন এবং সদ্য সাবেক সহ-সভাপতি নাজমুস সাকিব।
নির্বাচনি কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম, সাংবাদিক সমিতির উপদেষ্টামণ্ডলী এবং বরিশালে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।









