
অনেকেই বলেন, “আমার শীতকাল একদমই পছন্দ নয়; কারণ ঠাণ্ডা লাগে, নাহলে জ্বর আসে।” আবার অনেকের কাছে শীত মানেই ছুটিতে নানার বাড়ি বা দাদার বাড়ি ভ্রমণ—মাটির চুলায় বানানো পিঠা, খেজুরের রস আর গরম চায়ের সুখস্মৃতি।
তবে সত্যি বলতে, শহরে শীত উপভোগ করার সুযোগ যেন তুলনামূলকভাবে কম। নেই গ্রামের মতো নীরবতা, নেই পাখির কোলাহল। তবুও শীত উপভোগ করা যাবে না—এমন নয়।
টংয়ের চায়ের দোকানে শীতের আড্ডা—
শীতকাল এলেই শহরের টংয়ের চায়ের দোকানে ভিড় চোখে পড়ে সবচেয়ে বেশি। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টংয়ে বসে আড্ডা দিচ্ছেন জমিয়ে। তাদের আড্ডার বিষয়ও কম আকর্ষণীয় নয়।
এই যেমন— “খেলা দেখসস দোস্ত? রিয়াল মাদ্রিদকে ধুয়ে দিয়েছে সেল্টা ভিগো!”
“দোস্ত, তোমার বার্সা তো লাস্ট চ্যাম্পিয়ন্স লীগ জিতেছে ২০১৫-তে! আমরা তো কিংস অব ইউরোপ!”
একই দোকানে আছেন আরেক দল—সিনিয়র সিটিজেনরা। তারা ব্যস্ত দেশের রাজনীতি নিয়ে বিশ্লেষণে। “নির্বাচনে কী হবে?”—এ নিয়ে গভীর আলোচনা চলছে। তবে, সবার হাতে এক কমন নাউন—“চা”।
চায়ের দোকানে নারীর উপস্থিতি—
এখন চায়ের দোকানে নারীদের উপস্থিতিও বেশ দৃশ্যমান। তাদের আড্ডার টপিকও সমান রঙিন—
“দোস্ত! ম্যাকের লিপস্টিকের দাম অনেক বেড়ে গেছে! দেখি ক্রিসমাসে অফার দেয় কি না। দোয়া কর ৪০% অফ দেয়!” এ কথাগুলো বলতে বলতেই হাতে এক কাপ চা।
চা—বিতর্কের কেন্দ্রবিন্দু
যদি রাশিয়ান শর্ট স্টোরির গডফাদার অ্যান্টন চেখভ বাংলাদেশে থাকতেন, তাহলে হয়তো লিখতেন— “রিক্সা ভ্রমণ, বন্ধুদের আড্ডা আর চা—উইন্টার ইজ ম্যাজিকাল।”
কিন্তু বর্তমানে চা নিয়েই চলছে আলাদা বিতর্ক। কেউ গ্রিন-টি, কেউ হারবাল-টি, কেউ রেড-টি, কেউ মিল্ক-টি, আবার কেউ কফি-মিল্ক কম্বো-টি পান করেন।
কেউ বলেন, “মিল্ক-টি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।”
আবার কেউ পাল্টা বলেন, “গ্রিন-টি’তে গ্রিন বেশি কিন্তু স্বাদ কম।”
ফিটনেস ট্রেন্ডের এ যুগে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন, যিনি সব ধরনের চা পান করেন। যেন সিনেমা “ডাই হার্ড”—এর মতো সত্যিকারের “ডাই হার্ড চা খোর।”
তাহলে সমাধান কী?
শীতে চা খাবো নাকি ফিটনেস ট্রেন্ড মানবো? এত হিসাব করতে গিয়ে দেখা যাবে, শীতকালই শেষ!
বন্ধুদের আড্ডা, সকালের কুয়াশা উপভোগ, আর চা—এসব কি বাদ দেওয়া যায়?
কখনোই নয়।
শীত উপভোগ হোক নিজের মতো—
সকালের কুয়াশায় এক কাপ চা—গ্রিন, রেড, মিল্ক—যা মন চায়
দুপুরের মিষ্টি রোদে আরেক কাপ
সন্ধ্যায় বন্ধুদের সিরিয়াস আড্ডায় আরও এক কাপ
শেষে লেপ গায়ে দিয়ে আরাম করে ঘুম
নো কম্প্রমাইস!
চা থাকবেই, শীতও উপভোগ হবে।










