বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬

ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে বাংলাদেশে এলো ইনফিনিক্স নোট ৬০ ও নোট ৬০ প্রো

রাইজিং টেক

ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে বাংলাদেশে এলো ইনফিনিক্স নোট ৬০ ও নোট ৬০ প্রো
ফ্ল্যাগশিপ ফিচার নিয়ে বাংলাদেশে এলো ইনফিনিক্স নোট ৬০ ও নোট ৬০ প্রো/ছবি: পিআর

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন নোট ৬০ সিরিজ উন্মোচন করেছে। এই সিরিজে দুটি মডেল রয়েছে নোট ৬০ প্রো এবং নোট ৬০।

নোট ৬০ প্রো মডেলে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ ফাইভজি প্রসেসর ব্যবহার করা হয়েছে। চার ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই প্রসেসরের সর্বোচ্চ গতি ২.৭ গিগাহার্টজ পর্যন্ত। অন্যদিকে নোট ৬০ মডেলে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ ফাইভজি প্রসেসর, যার সর্বোচ্চ গতি ২.৬ গিগাহার্টজ।

উভয় মডেলেই তাপ নিয়ন্ত্রণের জন্য থ্রিডি আইস কোর ভিসি কুলিং চেম্বার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফোন দুটিতে অ্যালুমিনিয়াম মিশ্র ধাতুর ফ্রেম রয়েছে। এছাড়া কর্নিং গরিলা গ্লাস সুরক্ষা এবং আইপি৬৫ মানের ধুলা ও পানিরোধী সুবিধা যুক্ত করা হয়েছে।

ডিসপ্লের ক্ষেত্রে নোট ৬০ সিরিজে রয়েছে ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট। স্ক্রিনের সর্বোচ্চ উজ্জ্বলতা ৪৫০০ নিট পর্যন্ত হতে পারে। এছাড়া কম নীল আলো প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

এই সিরিজে অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে নামের একটি ফিচার যুক্ত করা হয়েছে, যা ফোনের পেছনের অংশে নোটিফিকেশনসহ কিছু তথ্য প্রদর্শন করতে পারে। পাশাপাশি অ্যাক্টিভ হ্যালো লাইট নামের একটি আলোকভিত্তিক ডিজাইন ফিচারও রয়েছে।

নোট ৬০ সিরিজের ফোনগুলোতে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি দেওয়া হয়েছে। এর মধ্যে নোট ৬০ প্রো মডেলে ৯০ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা রয়েছে। উভয় মডেলেই ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।

ক্যামেরা হিসেবে নোট ৬০ সিরিজে ৫০ মেগাপিক্সেল ওআইএস সমর্থিত প্রধান ক্যামেরা রয়েছে। এতে এইচডিআর ছবি তোলা, লাইভ ছবি ধারণ এবং ৪কে ভিডিও রেকর্ডিং সমর্থন রয়েছে।

বাংলাদেশের বাজারে নোট ৬০ প্রো মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ৪৯,৯৯৯ টাকা। এটি মিস্ট টাইটেনিয়াম, ডিপ ওশান ব্লু এবং সোলার অরেঞ্জ রঙে পাওয়া যাবে।
অন্যদিকে নোট ৬০ মডেলের দাম ৪৪,৯৯৯ টাকা, যা মিস্ট টাইটেনিয়াম, ফিজ ব্লু এবং মিডনাইট ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন