
ফ্রিজ ঘরের সবচেয়ে ব্যস্ত যন্ত্রগুলোর একটি। খাবার ঠাণ্ডা রাখা, মাছ-মাংস সংরক্ষণ, পানি জমিয়ে বরফ তৈরি—সবই এই একটি যন্ত্রের ওপর নির্ভরশীল।
তবে সমস্যা শুরু হয় যখন ফ্রিজের ভেতরে অতিরিক্ত বরফ জমতে থাকে। এতে ড্রয়ার আটকে যায়, খাবার ঠাণ্ডা হতে সময় লাগে, দুর্গন্ধ তৈরি হয় এবং কম্প্রেসর অতিরিক্ত চাপ নিয়ে কাজ করে—ফলে বিদ্যুৎ বিলও বেড়ে যায়।
যেসব ফ্রিজে ‘অটো-ডিফ্রস্ট’ বা ‘ডিফ্রস্ট বাটন’ নেই, সেগুলোতে নিয়মিত বরফ পরিষ্কার করা জরুরি হয়ে পড়ে।
রাজধানীর মোহাম্মদপুরের ‘হোলসেল ইলেকট্রনিক্স সিটি’র কর্ণধার ফয়সাল হোসেন জানান, “ফ্রিজে বরফ জমার প্রধান কারণ হলো বাইরের গরম ও আর্দ্র বাতাস ভেতরে ঢোকা। দরজার সিল আলগা থাকলে, দরজা ঠিকমতো বন্ধ না হলে বা দীর্ঘ সময় খোলা থাকলে এই সমস্যা বাড়ে। তবে ঘরের সাধারণ জিনিস দিয়েই ৩০ থেকে ৪৫ মিনিটে বরফ পরিষ্কার করা সম্ভব।”
বরফ পরিষ্কারের ধাপগুলো
ফ্রিজ বন্ধ করে খাবার সরিয়ে ফেলুন
প্রথমেই ফ্রিজের প্লাগ খুলে ফেলতে হবে—নিরাপত্তার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ।
ভেতরের সব খাবার বের করে বরফ প্যাক বা কুলার ব্যাগে রাখুন, যাতে ঠাণ্ডা থাকে।
ফ্রিজের চারপাশে পুরু তোয়ালে বিছিয়ে দিন, যাতে গলে যাওয়া পানি সহজে শোষিত হয়।
গরম পানির বাষ্প ব্যবহার
এটি সবচেয়ে নিরাপদ ও জনপ্রিয় পদ্ধতি।
একটি হিট-প্রুফ বাটিতে ফুটন্ত গরম পানি নিয়ে ফ্রিজের ভেতরে তোয়ালের ওপর রাখুন।
দরজা বন্ধ করে ১০–১৫ মিনিট রাখলে বাষ্প বরফ আলগা করে দেবে।
এরপর প্লাস্টিকের চামচ দিয়ে সহজেই বরফ তুলে ফেলা যাবে।
পুরু বরফ হলে কয়েকবার পানি বদলাতে হতে পারে।
প্লাস্টিক বা কাঠের চামচ ব্যবহার
বরফ তুলতে কখনোই ধাতব ছুরি বা চামচ ব্যবহার করা যাবে না। এতে ফ্রিজের ভেতরের প্লাস্টিক লাইনিং বা কুলিং কয়েল ক্ষতিগ্রস্ত হতে পারে।
প্লাস্টিক স্প্যাচুলা, আইস স্ক্র্যাপার বা কাঠের চামচ দিয়ে ধীরে ধীরে বরফ তুলতে হবে।
হেয়ার ড্রায়ারের গরম বাতাস
হেয়ার ড্রায়ার কম বা মাঝারি তাপে চালিয়ে দূর থেকে বরফের ওপর গরম বাতাস দিন।
বরফ গলতে শুরু করলে প্লাস্টিকের চামচ দিয়ে তুলে ফেলুন।
তবে খুব সতর্ক থাকতে হবে—পানি বা বরফের সংস্পর্শে যেন ড্রায়ার না আসে।
গরম ভেজা তোয়ালের কৌশল
একটি পুরু তোয়ালে গরম পানিতে ভিজিয়ে নিংড়ে বরফের ওপর রেখে দরজা বন্ধ করুন।
৫–১০ মিনিট পর দেখবেন বরফ আলগা হয়ে গেছে।
প্রয়োজনে কয়েকবার এই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে।
টেবিল ফ্যানের সাহায্য
হেয়ার ড্রায়ার না থাকলে ফ্রিজ খুলে সামনে একটি টেবিল ফ্যান চালিয়ে দিন।
বাইরের গরম বাতাস ঢুকে ধীরে ধীরে বরফ গলাতে সাহায্য করবে—অতিরিক্ত তাপ ছাড়াই।
বরফ গলার পর পরিষ্কার
বরফ পুরোপুরি গলে গেলে ফ্রিজের ভেতর হালকা গরম পানিতে ভেজানো সাবানযুক্ত কাপড় দিয়ে মুছে ফেলুন।
এরপর ভালোভাবে শুকিয়ে নিন। আর্দ্রতা থাকলে আবার দ্রুত বরফ জমতে পারে।
সবশেষে ফ্রিজ চালু করে ঠাণ্ডা হলে খাবারগুলো আবার সাজিয়ে রাখুন।
ভবিষ্যতে বরফ জমা ঠেকাতে করণীয়
প্রতিবার ব্যবহারের পর দরজা ভালোভাবে বন্ধ করুন
দরজা দীর্ঘ সময় খোলা রাখবেন না
দরজার সিল ঠিক আছে কিনা নিয়মিত পরীক্ষা করুন
গরম খাবার ঠাণ্ডা করে তারপর ফ্রিজে রাখুন
ফ্রিজ অতিরিক্ত বোঝাই করবেন না—বাতাস চলাচলের জায়গা রাখুন








