শনিবার ১১ জুলাই, ২০২৬

ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা স্পেনকেই পাওয়া উচিত: লামিন ইয়ামাল

রাইজিং স্পোর্টস

Rising Cumilla - Lamine Yamal
স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল/ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। মাঠের লড়াই শুরুর আগেই কথার লড়াইয়ে উত্তাপ ছড়িয়েছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। ফ্রান্সকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, স্পেনকে ভয় পাওয়াই উচিত কিলিয়ান এমবাপ্পেদের।

ফক্স স্পোর্টসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটনে মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স।

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে স্পেন। ম্যাচের ৮৮তম মিনিটে জয়সূচক গোল করেন মিকেল মেরিনো। অন্যদিকে, মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী দল ফ্রান্স।

সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আত্মবিশ্বাসী কণ্ঠে লামিন ইয়ামাল বলেন, “ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তবে সেটা আমাদেরই পাওয়া উচিত। এর আগে আমরা তাদের টুর্নামেন্ট থেকে বিদায় করেছি এবং টানা দুইবার হারিয়েছি। আমার বিশ্বাস, এবারের বিশ্বকাপের সেরা দুটি দলই স্পেন ও ফ্রান্স। তবে আমাদের মনে কোনো ভয় নেই।”

তিনি আরও বলেন, “হয়তো বাইরে থেকে মনে হতে পারে আমরা দুর্দান্ত খেলছি না। কিন্তু আমরা যেই দলের বিপক্ষেই খেলি, তারা আমাদের সামনে রক্ষণাত্মক কৌশল নেয়। স্পেনের সঙ্গে সমান তালে লড়াই করতে কোনো দলই আসেনি। দিনশেষে আমরা জিতেছি, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

এদিকে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তেও ফ্রান্সকে হারানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, “ফ্রান্সের সামর্থ্য সম্পর্কে আমরা ভালোভাবেই জানি। তবে এটাও পরিষ্কার যে, আমরা তাদের হারাতে সক্ষম। আমাদের দলে মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। ম্যাচটি কঠিন হবে, যেখানে শক্তি ও গতির লড়াই দেখা যাবে। নিজেদের সেরা ফুটবল খেলতে পারলেই আমরা সফল হতে পারব।”

উল্লেখ্য, ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর এই প্রথম সেমিফাইনালে খেলছে স্পেন। অন্যদিকে, ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। তাই আর্লিংটনের সেমিফাইনালটি হতে যাচ্ছে এবারের বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি।

আরও পড়ুন