বুধবার ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

ফেনীর অনিয়ম রুখতে হটলাইন ও ওয়েবসাইট চালু করলেন পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Environment Minister Abdul Awal Mintu launches hotline and website to prevent irregularities in Feni
ফেনীর অনিয়ম রুখতে হটলাইন ও ওয়েবসাইট চালু করলেন পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে চাঁদাবাজি, সন্ত্রাস এবং সব ধরনের অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ হিসেবে হটলাইন ও ওয়েবসাইটভিত্তিক অভিযোগ গ্রহণ প্রক্রিয়া চালু করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

মন্ত্রী জানিয়েছেন, চালুর পর থেকেই এই উদ্যোগে ব্যাপক সাড়া মিলেছে। ইতোমধ্যে ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ জমা পড়েছে এবং হটলাইনে অসংখ্য ফোনকল পাওয়া গেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল Facebook পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য জানান।

ফেসবুক পোস্টে মন্ত্রী লেখেন, “আজ পর্যন্ত ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ এবং অসংখ্য ফোনকল পেয়েছি। এতেই প্রমাণ হয়েছে, আপনারা পরিবর্তন চান। প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে সমাধান করতে আমরা বদ্ধপরিকর।”

তিনি আরও অনুরোধ জানান, জরুরি প্রয়োজন ছাড়া হটলাইনে ফোন না করে দ্রুত সমাধানের স্বার্থে ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ জানানোর জন্য।

এর আগে, ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি চাঁদাবাজি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়মমুক্ত এলাকা গড়ে তুলতে হটলাইন নম্বর ও ওয়েবসাইট চালুর ঘোষণা দেন। একই সঙ্গে অভিযোগ জানানোর জন্য ০১৭৩০০-০৪৮৪৪ নম্বরটি প্রকাশ করেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শিল্প উদ্যোক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। এমপি হওয়ার পরপরই তিনি মন্ত্রিসভায় স্থান পান।

দীর্ঘ দুই দশক মন্ত্রীশূন্য থাকার পর ফেনী জেলা তার মাধ্যমেই আবার মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব লাভ করে।

আরও পড়ুন