
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন।
রোববার ভোর চারটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে সড়কটি পার হচ্ছিল।
এমন অবস্থায় শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এর ফলে বাসের পেছনে মোটরসাইকেলসহ আরও কয়েকটি যানবাহনের জট তৈরি হয়।
এর কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস ওই জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী, একটি বাসের সুপারভাইজার এবং একজন যাত্রী নিহত হন। আহত হয়েছেন আরও তিনজন।
নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।









