শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

ফেনীতে ধানখেতে দাঁড়িয়ে ‘রিভিউ আবেদন’ বিএনপির মনোনয়নপ্রত্যাশীর

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -BNP nomination candidate stands in paddy field in Feni to file 'review petition'
ফেনীতে ধানখেতে দাঁড়িয়ে 'রিভিউ আবেদন' বিএনপির মনোনয়নপ্রত্যাশীর/ছবি: সংগৃহীত

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনের মনোনয়নপ্রত্যাশী আলাল উদ্দিন আলাল এক অভিনব প্রতিবাদ জানিয়ে জেলাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। মনোনয়ন পুনর্বিবেচনার জন্য দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করতে তিনি ধানখেতে দাঁড়িয়ে ক্রিকেটীয় ভঙ্গিতে ‘রিভিউ’-এর ইঙ্গিত করে হাতে রিভিউয়ের আবেদন জানানোর ভঙ্গি করে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন।

গত শুক্রবার সকালে ফেসবুকে ছবিটি পোস্ট করার পর সেটি দ্রুত ভাইরাল হয় এবং ফেনীর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

জানা গেছে, আলাল উদ্দিন আলাল ফেনী-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হলেও গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব ঘোষিত সংসদ সদস্য প্রার্থী তালিকায় তাঁর নাম ছিল না। এর প্রতিবাদ জানাতে এবং নতুন করে মনোনয়ন পুনর্বিবেচনার জন্য আবেদন জানাতেই তিনি এই ব্যতিক্রমী পথ বেছে নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবির ক্যাপশনে তিনি শুধু লিখেছেন, “নো ক্যাপশন।”

এ প্রসঙ্গে আলাল উদ্দিন আলাল ঢাকা পোস্টকে বলেন, তাঁর এই কাজের উদ্দেশ্য ছিল অহিংসভাবে দলের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার আবেদন জানানো। তিনি মনে করেন, এটি যেহেতু দলের চূড়ান্ত মনোনয়ন নয়, তাই প্রার্থী পরিবর্তনের জন্য রিভিউ আবেদন করা হচ্ছে। আলাল উদ্দিন আলাল এটিকে ‘এ প্রজন্মের প্রতিবাদের ভাষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ’ বলে উল্লেখ করেন। তিনি আরও জানান, এই রিভিউ আবেদনের মাধ্যমে তিনি তুলে ধরেছেন যে একসময় ‘লেবানন’ বা ‘মৃত্যুপুরী’ হিসেবে পরিচিত ফেনীতে এখন প্রতিবাদের ভাষাও পরিবর্তিত হয়েছে।

এদিকে, বিএনপির এই মনোনয়ন ঘোষণার পর ফেনীর দলীয় অভ্যন্তরে তীব্র বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি ও আলোচনা সভাতেই এই বিভক্তি প্রকাশ্যে আসে। ফেনী-২ আসনে দলীয় মনোনয়ন পাওয়া অধ্যাপক জয়নাল আবেদীন র‍্যালিতে অংশ নিলে আলাল উদ্দিন আলালসহ জেলা বিএনপির কয়েকজন শীর্ষ নেতা র‍্যালি থেকে সরে দাঁড়ান। এই ঘটনা একদিকে নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি করেছে, অন্যদিকে নির্বাচনী মাঠে অনিশ্চয়তার ছায়া ঘনীভূত করছে।

বিকেলে বিভেদ প্রকাশ্যে আসার পর, ঐক্যের বার্তা নিয়ে শুক্রবার রাতেই অধ্যাপক জয়নাল আবেদীন শহরের রামপুর এলাকায় জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের বাসায় যান। তিনি সেখানে প্রায় এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করেন। তবে আলাল উদ্দিন আলালের দেখা না পেয়ে তাঁকে ফিরে আসতে হয়।

দলীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ছিলেন:

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও তিনবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদীন

জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব

অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার

সদস্য সচিব আলাল উদ্দিন

যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক

আনোয়ার হোসেন পাটোয়ারী

এদের নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি মতবিনিময় করেন।

এর আগে, সোমবার (৩ নভেম্বর) বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেনীর তিনটি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন। এই তালিকা অনুযায়ী, ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়া, ফেনী-২ আসনে অধ্যাপক জয়নাল আবেদীন, এবং ফেনী-৩ আসনে দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু দলীয় মনোনয়ন পান।

আরও পড়ুন