
ফেনীতে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোররাতে ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই কিশোরের বয়স আনুমানিক ১৫ থেকে ১৭ বছর বলে ধারণা করা হচ্ছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ফাজিলপুর মসজিদের পাশে এবং লাকী শেখ আহম্মদের বাড়ির সংলগ্ন ডাউন রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ জিআরপি পুলিশকে অবগত করলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফেনী জিআরপি পুলিশের ইনচার্জ দীপক দেওয়ান। তিনি কালের কণ্ঠকে জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওই কিশোর চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া কোনো ট্রেনের ছাদে চড়ে ভ্রমণ করছিল। ভ্রমণের সময় অসাবধানতাবশত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত নিহত কিশোরের নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।









