সোমবার ২৩ মার্চ, ২০২৬

ফেনীতে ঈদে বান্ধবীদের সঙ্গে ঘুরতে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Suicide
আত্মহত্যা প্রতীকী ছবি। গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

ফেনীর পরশুরাম উপজেলা-য় রিয়া মনি নামের এক কিশোরী আত্মহত্যা করেছেন।

সোমবার (২৩ মার্চ) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় ২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতাল মর্গে।

এর আগে রোববার (২২ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ মুহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিয়া মনি (১৭) ওই গ্রামের প্রবাসী জয়নাল আবেদীনের মেয়ে। তিনি স্থানীয় বক্সমাহমুদ উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুর থেকে ঈদ উপলক্ষে সহপাঠী ও বান্ধবীদের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন রিয়া। তবে তার মা তাকে দূরে যেতে নিষেধ করেন। এতে অভিমান করে রাতে কোনো এক সময় আত্মহত্যা করেন তিনি।

সকালে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন।

প্রতিবেশী আবুল কালাম জানান, রিয়ার মায়ের চিৎকার শুনে তারা ঘরে গিয়ে দেখেন, ফ্যানের সঙ্গে ঝুলছে তার মরদেহ। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

তিনি আরও জানান, বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যেতে না পারায় অভিমান থেকেই রিয়া এই পথ বেছে নেয় বলে ধারণা করা হচ্ছে।

পরশুরাম থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম বলেন, রিয়া মনি ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন