
ফেনীর দাগনভূঞা উপজেলায় নিজ প্রতিষ্ঠানের এক আবাসিক ছাত্রকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় নিজাম উদ্দিন নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তিগত সহায়তায় নোয়াখালী চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কৌশল্যা ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার হেফজখানার এক আবাসিক ছাত্রকে গত ১ আগস্ট রাতে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন শিক্ষক নিজাম উদ্দিন—এমন অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে ভুক্তভোগী শিশুটি বিষয়টি তার পরিবারকে জানালে গত ২৯ আগস্ট তার বাবা বাদী হয়ে দাগনভূঞা থানায় মামলা করেন।
মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে ছিলেন। পরে শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে দাগনভূঞা থানা পুলিশের একটি বিশেষ দল প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে। এরপর নোয়াখালী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিকে গ্রেপ্তারের পর রোববার (৬ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।









