শনিবার ৪ এপ্রিল, ২০২৬

ফেনী-২ আসনে ঈগল প্রতীক ও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের সাইকেল যাত্রা

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Students' camp's bicycle ride in support of the eagle symbol and 'Yes' in the referendum in Feni-2 constituency
ফেনী-২ আসনে ঈগল প্রতীক ও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ছাত্রশিবিরের সাইকেল যাত্রা/ছবি: সংগৃহীত

ফেনী-২ সংসদীয় আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জুরের ঈগল প্রতীক এবং আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর সমর্থনে তারুণ্যের সাইকেল যাত্রা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ছাত্রশিবিরের ফেনী শহর শাখার উদ্যোগে সরকারি পাইলট হাই স্কুল মাঠে এ সাইকেল যাত্রা শুরু হয়। এতে তিন শতাধিক তরুণ অংশগ্রহণ করেন।

সাইকেল যাত্রাটি পাইলট মাঠ থেকে শুরু হয়ে কলেজ রোড, জেল রোড, ট্রাংক রোড, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক ও মিজান রোড প্রদক্ষিণ করে পুনরায় পাইলট মাঠে গিয়ে শেষ হয়।

সাইকেল যাত্রা শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জুর বলেন, ‘শুক্রবার ঢাকায় ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যে সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, সেখানে নিরীহ ছাত্র-জনতার ওপর ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে। আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাই।’

তিনি আরও বলেন, ‘যে পুলিশ ওসমান হাদিকে হত্যার সময় কোনো নিরাপত্তা দিতে পারেনি, যে পুলিশ খুনিরা কোথায় আছে তা নির্ধারণ করতে পারেনি, যে পুলিশ দিন-দুপুরে খুনিদের পালিয়ে যাওয়ার সময় আটক করতে ব্যর্থ হয়েছে—সেই পুলিশ আজ নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে প্রমাণ করেছে, তারা এখনো ফ্যাসিবাদের তাবেদারি করায় ব্যস্ত রয়েছে। আমরা এর বিচার চাই।’

তারুণ্যের ভূমিকার কথা তুলে ধরে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘তরুণরাই রাষ্ট্র বদলাবে। তরুণরাই একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে। পুরোনো গ্লানি মুছে দিয়ে যত কঠিনই হোক, যত সংগ্রামমুখরই হোক, তরুণরা তারুণ্যের অধিকার আদায়ে লড়াই করবে।’

তিনি বলেন, ‘তরুণরাই আজাদীর লড়াই করবে। তরুণরা আজাদী এনেছিল ১৯৪৭ সালে, তরুণরা আজাদী এনেছিল ১৯৭১ সালে, তরুণরা প্রতিবাদ করেছিল ১৯৯০ সালে। সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা গণ-অভ্যুত্থান ঘটিয়েছে। এর মধ্য দিয়ে তরুণরা প্রমাণ করেছে—বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।’

ছাত্রশিবির ফেনী শহর শাখার সেক্রেটারি শফিকুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক জিএস সাঈদ বিন হাবীব এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারি আ ন ম আবদুর রহীম, সাবেক শহর সভাপতি তারেক মাহমুদ এবং সাবেক জেলা সভাপতি মইনুল ইসলাম জোবায়েরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন