
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে তার মৃত্যুর কারণে মনোনয়ন সংক্রান্ত সব কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।
আজ রোববার (৪ জানুয়ারি) সকালে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক। তিনি বলেন, মৃত্যুজনিত কারণে বেগম খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম আর এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসন থেকে মোট পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। প্রতিবারই তিনি বিপুল ভোটে নির্বাচিত হন, যা এই আসনে তার দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব ও জনপ্রিয়তার প্রমাণ বহন করে।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। এর আগে তিনি গত ২৩ নভেম্বর থেকে সংকটাপন্ন অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।









