শুক্রবার ৬ মার্চ, ২০২৬

প্রাথমিকভাবে কুমিল্লা সদরসহ ‘কৃষক কার্ড’ চালু হচ্ছে যে ৯ উপজেলায়

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Farmer Card
প্রাথমিকভাবে কুমিল্লা সদরসহ ‘কৃষক কার্ড’ চালু হচ্ছে যে ৯ উপজেলায়/ছবি: সংগৃহীত

দেশের আট বিভাগের কুমিল্লা সদরসহ নয়টি উপজেলায় প্রাথমিকভাবে চালু হতে যাচ্ছে ‘কৃষক কার্ড’ কর্মসূচি। এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের একটি সমন্বিত তথ্যভান্ডার তৈরি করা হবে এবং বিভিন্ন সরকারি সেবা ও সহায়তা কৃষকদের কাছে সহজে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

বুধবার (৪ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কর্মসূচির প্রাক-পাইলট পর্যায়ে আগামী ৪৫ দিনের মধ্যে সব শ্রেণির কৃষকের তথ্য সংগ্রহ করা হবে। এরপর দেশের আট বিভাগের নয়টি উপজেলার নির্বাচিত নয়টি ব্লকে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে।

প্রাথমিকভাবে যেসব উপজেলায় কর্মসূচি চালু করা হবে সেগুলো হলো— কুমিল্লা সদর, টাঙ্গাইল সদর, বগুড়ার শিবগঞ্জ, পঞ্চগড় সদর, জামালপুরের ইসলামপুর, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, মৌলভীবাজারের জুড়ী এবং কক্সবাজারের টেকনাফ।

প্রেস সচিব আরও জানান, প্রাক-পাইলট ও পাইলট পর্যায়ের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পর আগামী চার বছরের মধ্যে দেশের সব উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন