
বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ করতে বিশেষ রেজিস্ট্রেশন সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন এই ব্যবস্থায় মোবাইল ফোনের পরিবর্তে করদাতার নিজস্ব ই-মেইলে ওটিপি (OTP) পাঠানো হবে। এর মাধ্যমে পাসওয়ার্ড রিসেট ও নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
এনবিআর জানিয়েছে, যেসব করদাতা বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধিত হয়েছেন কিন্তু বর্তমানে বিদেশে অবস্থান করায় মোবাইল ওটিপি ব্যবহার করতে পারছেন না— তাদের জন্যই চালু করা হয়েছে এই নতুন ই-মেইল ভেরিফিকেশন পদ্ধতি।
যেভাবে আবেদন করবেন
বিদেশে থাকা করদাতাকে নিজস্ব ই-মেইল থেকে [email protected] ঠিকানায় আবেদন পাঠাতে হবে।
আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে— পাসপোর্টের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, ভিসা পেজের কপি, বিদেশে বর্তমান ঠিকানা, বিদেশে ব্যবহৃত মোবাইল বা ফোন নম্বর ও সর্বশেষ বাংলাদেশ ত্যাগের তারিখ
আবেদন যাচাই শেষে করদাতার ই-মেইল ভেরিফাই করা হলে, তিনি সেই ভেরিফাইড ই-মেইলে প্রাপ্ত ওটিপি ব্যবহার করে—
পাসওয়ার্ড রিসেট, নতুন নিবন্ধন ও ই-রিটার্ন দাখিলসহ অন্যান্য কার্যক্রম সহজেই সম্পন্ন করতে পারবেন।










