মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬

প্রথমবার সৌদির মাটিতে পেশাদার নারী টি-২০ লিগ, খেলবেন ৩৫ দেশের ক্রিকেটাররা

রাইজিং স্পোর্টস

প্রথমবার সৌদির মাটিতে পেশাদার নারী টি-২০ লিগ, খেলবেন ৩৫ দেশের ক্রিকেটাররা/ছবি: সংগৃহীত

আগামী বছর থেকে সৌদি আরবে শুরু হতে যাচ্ছে নারী ক্রিকেটের নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘উইমেন্স ওয়ার্ল্ড টি-২০ চ্যালেঞ্জ’। টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করবে ফেয়ার ব্রেক ও সৌদি ক্রিকেট।

এর আগে ফেয়ার ব্রেক ২০২২ সালে দুবাই ও ২০২৩ সালে হংকংয়ে ‘ফেয়ার ব্রেক গ্লোবাল ইনভাইটেশন টি-২০’ নামের টুর্নামেন্ট আয়োজন করেছিল। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

এবার প্রথমবারের মতো সৌদি আরব তাদের মাটিতে পেশাদার নারী টি-২০ লিগ আয়োজন করতে যাচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, এই টুর্নামেন্ট অন্তত পাঁচটি আসর আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে বিশ্বের প্রায় ৩৫টি দেশের নারী ক্রিকেটার অংশ নেবেন।

২০১৩ সালে যাত্রা শুরু করা ফেয়ার ব্রেক একটি বেসরকারি প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য ক্রীড়াঙ্গনে নারীদের জন্য সমতা ও সুযোগ নিশ্চিত করা। প্রতিষ্ঠানটি ছয় দল নিয়ে নারী ক্রিকেট লিগ আয়োজনের জন্য আইসিসি-এর অনুমোদন পেয়েছে। নারীদের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে এবং ক্রীড়ায় অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করতে সৌদি আরবের ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ হিসেবেই এই লিগ আয়োজন করা হচ্ছে।

বৈশ্বিক ক্রিকেট অঙ্গনে নিজেদের অবস্থান জোরদার করতে সাম্প্রতিক সময়ে বড় উদ্যোগ নিচ্ছে সৌদি আরব। ২০২৪ সালের আইপিএল নিলাম অনুষ্ঠিত হয়েছে সৌদির জেদ্দা শহরে। পাশাপাশি আইপিএলের সঙ্গে সৌদি প্রতিষ্ঠানের রয়েছে বড় অঙ্কের স্পন্সর চুক্তি।

এসবের ধারাবাহিকতায়, আসন্ন মৌসুম থেকে সৌদি আরবে আয়োজন করা হবে আইএল টি-২০-এর কিছু ম্যাচ। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে অন্তত একজন সৌদি ক্রিকেটার রাখার নিয়ম থাকছে। একই সঙ্গে দেশটিতে শুরু হতে যাচ্ছে নারীদের জন্য পূর্ণাঙ্গ ক্রিকেট লিগও।

নারী ক্রিকেটে এই নতুন অধ্যায় মধ্যপ্রাচ্যের ক্রীড়া মানচিত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন