শুক্রবার ২৭ নভেম্বর, ২০২৬

প্রথম জন্মদিনে ভক্তদের সামনে নীলয়-হৃদির কন্যা রুশদা

বিনোদন ডেস্ক

RisingCumilla - Niloy and Hridis daughter Rushda makes an appearance before fans on her first birthday
প্রথম জন্মদিনে ভক্তদের সামনে নীলয়-হৃদির কন্যা রুশদা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীর ও তার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদির কন্যাসন্তান রুশদা মাইমানাহর ছবি প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছে। মেয়ের প্রথম জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশ করেছেন অভিনেতা নীলয়। এরপর থেকেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছে ছোট্ট রুশদা।

জন্মের পর থেকে মেয়েকে সামাজিক যোগাযোগমাধ্যমের আড়ালে রেখেছিলেন নীলয় ও হৃদি। তবে প্রথম জন্মদিনে সেই গোপনীয়তা ভেঙে কন্যার ছবি প্রকাশ করেন এই অভিনেতা। ছবিটি প্রকাশের পরপরই তা ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।

২০২৫ সালের ২৭ নভেম্বর রাতে নীলয় আলমগীর ও তাসনুভা তাবাসসুম হৃদির সংসারে প্রথম সন্তানের জন্ম হয়। মেয়ের নাম রাখা হয় রুশদা মাইমানাহ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তার প্রথম জন্মদিন উদ্‌যাপিত হচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন নীলয় আলমগীর ও তাসনুভা তাবাসসুম হৃদি। দাম্পত্য জীবনের চার বছর পর তাদের ঘরে আসে প্রথম সন্তান।

এদিকে, মেয়ের ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে শুভেচ্ছার বার্তা জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা। মন্তব্যের ঘরে অনেকেই রুশদার সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করেছেন। মেয়ের প্রথম জন্মদিনে নীলয় দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরাও।

আরও পড়ুন