শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬

প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

রাইজিং ক্যাম্পাস

RisingCumilla - The government plans to establish a womens college in every upazila.
প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের/ছবি: সংগৃহীত

দেশের নারী শিক্ষার প্রসার ও উচ্চশিক্ষায় নারীদের অংশগ্রহণ বাড়াতে প্রতিটি উপজেলায় একটি করে মহিলা কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে দেশব্যাপী জরিপ ও সমীক্ষার কাজ শুরু হয়েছে। যেসব উপজেলায় এখনো মহিলা কলেজ নেই, সেসব এলাকায় নতুন কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে সিদ্ধান্ত প্রস্তাব ও এর ওপর আনা সংশোধনী নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব তথ্য জানান।

সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম তাঁর নির্বাচনী এলাকায় একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার দাবি উত্থাপন করেন। তাঁর এ দাবির সঙ্গে একমত পোষণ করে আরও কয়েকজন সংসদ সদস্য নিজ নিজ নির্বাচনী এলাকায় মহিলা কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠার দাবি জানান। তিনি বলেন, কলমাকান্দার আশপাশের ধর্মপাশা, মধ্যনগর ও সুনামগঞ্জের দুটি উপজেলাসহ সংশ্লিষ্ট এলাকায় কোনো মহিলা কলেজ নেই। এ বিষয়ে সংসদে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

জবাবে শিক্ষামন্ত্রী কলমাকান্দায় মহিলা কলেজ প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

আলোচনায় শিক্ষামন্ত্রী বলেন, নারী শিক্ষার প্রসারে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষায় এগিয়ে নিতে উপবৃত্তি কর্মসূচি চালু করেছিলেন। প্রথমে দশম শ্রেণি পর্যন্ত এবং পরে উচ্চমাধ্যমিক পর্যায়ে এ সুবিধা সম্প্রসারণ করা হয়। তবে তাঁর পক্ষে স্নাতক পর্যায় পর্যন্ত এ কর্মসূচি চালু করা সম্ভব হয়নি।

মন্ত্রী আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের উপবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে নারীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে।

দেশে মহিলা কলেজের বর্তমান পরিস্থিতি তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশের বিভিন্ন উপজেলায় মোট ১১১টি মহিলা কলেজ রয়েছে। এর মধ্যে ৬৪টি জেলায় অন্তত একটি করে মহিলা কলেজ রয়েছে। তবে এখনো অনেক উপজেলায় এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান নেই।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে জরিপ ও সমীক্ষা পরিচালনা করা হচ্ছে। কোন উপজেলায় মহিলা কলেজ রয়েছে, সেগুলোর অবস্থান ও বর্তমান পরিস্থিতি কী এবং যেসব উপজেলায় কলেজ নেই, সেখানে কোথায় নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, সমীক্ষার কাজ শেষ হলে এ বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। সরকারের লক্ষ্য হলো দেশের প্রতিটি উপজেলায় অন্তত একটি করে মহিলা কলেজ প্রতিষ্ঠা করা। যেসব উপজেলায় আগে থেকেই মহিলা কলেজ রয়েছে, সেগুলো বহাল থাকবে। আর যেসব উপজেলায় নেই, সেখানে নতুন করে কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া শতবর্ষ পূর্ণ হয়েছে এমন স্কুল ও কলেজগুলোর তথ্যও প্রধানমন্ত্রী চেয়েছেন বলে সংসদে জানান শিক্ষামন্ত্রী।

সরকারের পক্ষ থেকে দেশব্যাপী মহিলা কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, এ বিষয়ে সরকার কাজ করছে। তাই আপাতত উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারের জন্য তিনি সংশ্লিষ্ট সংসদ সদস্যের প্রতি অনুরোধ জানান।

আরও পড়ুন