
নির্বাচন কমিশন (ইসি) আমজনতার দলের নিবন্ধন আবেদন চূড়ান্তভাবে মঞ্জুর করে দলটিকে ‘প্রজাপতি’ প্রতীকে নিবন্ধন সনদ প্রদান করেছে। এর মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল আমজনতার দল।
রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে দলটির সাধারণ সম্পাদক তারেক রহমানের হাতে নিবন্ধন সনদ তুলে দেন।
নিবন্ধন সনদ গ্রহণের পরপরই তারেক রহমান ঘোষণা দেন, আমজনতার দল কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাবে না এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনেই নিজস্ব প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি বলেন,
“দল হিসেবে আমরা অনেক পিছিয়ে গিয়েছি, তবে সৎ ও স্বচ্ছভাবে কাজ করে দেশের মঙ্গলের জন্য রাজনীতি করতে চাই।”
নির্বাচন কমিশন জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর বিধান অনুযায়ী আমজনতার দল নিবন্ধনের সব শর্ত পূরণ করায় দলটিকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। গত ৪ ডিসেম্বর নিবন্ধনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর ৯ ডিসেম্বর পর্যন্ত আপত্তি গ্রহণের সময় নির্ধারণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত আপত্তির শুনানি শেষে দলটির নিবন্ধন অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে নিবন্ধন না পাওয়ার প্রতিবাদে গত ৪ নভেম্বর আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান নির্বাচন কমিশনের সামনে ‘নিবন্ধনের দাবিতে আমরণ অনশন’ লেখা প্ল্যাকার্ড হাতে প্রায় ১৩৪ ঘণ্টা অনশন পালন করেন। পরবর্তীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে তিনি অনশন ভাঙেন।









