
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা।
মিরপুরে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায় পাকিস্তান। ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তাদের উদ্বোধনী জুটিতে আসে ১০৫ রান।
প্রথম উইকেট পতনের পর দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে আরও ৫৩ রান যোগ করেন তামিম। শান্ত ৩৪ বলে ২৭ রান করে আউট হন।
এরপর দুর্দান্ত ব্যাটিং করে নিজের ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ হাসান তামিম। তিনি ১০৭ বলে ১০৭ রান করে আউট হন। দলের হয়ে লিটন দাস ৪১ রান করেন। শেষদিকে তাওহিদ হৃদয়ের ৪৪ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংসে নির্ধারিত ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৯০ রান।
পাকিস্তানের হয়ে হারিস রউফ ৩টি উইকেট নেন। এছাড়া শাহিন আফ্রিদি ও আবরার আহমেদ একটি করে উইকেট শিকার করেন।
২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। মাত্র ১৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। তাসকিন আহমেদের শিকার হয়ে সাজঘরে ফেরেন শাহিবজাদা ফারহান ও মোহাম্মদ রিজওয়ান। আর মাজ সাদাকাতকে আউট করেন নাহিদ রানা।
চতুর্থ উইকেটে অভিষিক্ত গাজী ঘোরি ও আবদুল সামাদ মিলে ৫০ রানের জুটি গড়েন। তবে ১৫ রানের ব্যবধানে দুজনই আউট হয়ে গেলে আবারও চাপে পড়ে পাকিস্তান।
এরপর সাদ মাসুদকে নিয়ে ৭৯ রান এবং ফাহিম আশরাফকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন সালমান আলী আগা। বাংলাদেশের জন্য বড় হুমকি হয়ে ওঠেন তিনি। দুর্দান্ত ব্যাটিং করে ৮৯ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন সালমান।
শেষ পর্যন্ত ৯৮ বলে ১০৬ রান করে আউট হন এই ব্যাটার, তাতেই যেন জয়ের সুবাস পেতে শুরু করে বাংলাদেশ। অন্যপ্রান্তে পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি লড়াই চালিয়ে যাচ্ছিলেন।
শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ১৪ রান এবং হাতে ছিল মাত্র ১ উইকেট। বল হাতে ছিলেন রিশাদ হোসেন। দারুণ বোলিং করে মাত্র ২ রান দেন তিনি এবং আফ্রিদিকে আউট করে দেন। শেষ পর্যন্ত ২৭৯ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৪টি উইকেট নেন। মোস্তাফিজুর রহমান ৩টি এবং নাহিদ রানা ২টি উইকেট শিকার করেন। এই জয়ের মধ্য দিয়ে ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আনন্দে ভাসে বাংলাদেশ।









