
দেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে ১৪৪৮ হিজরি সনের ষষ্ঠ মাসের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে এ মাসের গণনা শুরু হয়েছে। সেই হিসাবে পবিত্র মাহে রমজান শুরু হতে আর মাত্র ৮৯ দিন বাকি।
হিজরি বর্ষপঞ্জির প্রচলিত হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ থেকে ৯ ফেব্রুয়ারির মধ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সে হিসাবে ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা গেলে ওই রাতেই মসজিদে মসজিদে শুরু হবে তারাবির নামাজ। পরদিন থেকে শুরু হতে পারে প্রথম রোজা।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশের আকাশে জমাদিউস সানির চাঁদ দেখা যায়নি। এ কারণে বুধবার (১১ নভেম্বর) জমাদিউল আউয়াল মাসের ৩০ দিন পূর্ণ হয়। পরদিন বৃহস্পতিবার থেকে জমাদিউস সানি মাস শুরু হওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় চাঁদ দেখা কমিটি।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
হিজরি বর্ষপঞ্জিতে জমাদিউস সানি ষষ্ঠ মাস। এর পর রয়েছে সপ্তম মাস রজব এবং অষ্টম মাস শাবান। এই দুই মাস অতিবাহিত হওয়ার পরই মুসলমানদের বহুল প্রতীক্ষিত পবিত্র রমজান মাসের আগমন ঘটে।
চন্দ্রবর্ষের ওপর ভিত্তি করে হিজরি সনের মাস নির্ধারিত হয়। প্রতিটি আরবি মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। এ কারণে রমজান মাসের শুরু নির্ভর করে নতুন চাঁদ দেখার ওপর। ফলে জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী সম্ভাব্য তারিখ জানা গেলেও চাঁদ দেখার আগে রোজা শুরুর চূড়ান্ত দিন নিশ্চিত হওয়া যায় না।
চন্দ্রবর্ষ গ্রেগরীয় বর্ষের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন ছোট হওয়ায় প্রতিবছর ইংরেজি বর্ষপঞ্জিতে রমজান মাসের আগমন তুলনামূলক আগে ঘটে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালে আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসবে পবিত্র মাহে রমজান।
তবে ২০২৭ সালের রমজান শুরুর তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়নি। চাঁদ দেখার ওপর ভিত্তি করে যথাসময়ে রোজা শুরুর চূড়ান্ত তারিখ ঘোষণা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।










