শনিবার ১৩ জুন, ২০২৬

পবিত্র আশুরা পালন ঘিরে কুয়েতে নতুন বিধিনিষেধ, জারি হল নির্দেশনা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Kuwai
ছবি: সংগৃহীত

পবিত্র আশুরা পালন উপলক্ষে একাধিক বিধিনিষেধ ও নির্দেশনা জারি করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। স্থানীয় সময় শুক্রবার সরকারি প্রতিনিধি ও শিয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, কুয়েতের শিয়া অধ্যুষিত এলাকাগুলোর বাইরে আশুরা-সংক্রান্ত কোনো পতাকা উত্তোলন বা ব্যানার প্রদর্শন করা যাবে না। এছাড়া আশুরা উপলক্ষে আয়োজিত ভোজের রান্না শুধুমাত্র শিয়া সম্প্রদায়ের স্কুল ও কমিউনিটি সেন্টারগুলোতে সীমাবদ্ধ রাখতে হবে।

আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে অর্থ সহায়তার বিষয়েও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের অনুমোদিত চ্যানেলের মাধ্যমেই কেবল চাঁদা বা অনুদানের অর্থ আদান-প্রদান করা যাবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে আশুরার সময় শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারি চালাবেন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হলে শিয়া প্রতিনিধিরা সম্মতি জানান।

বৈঠকে সভাপতিত্ব করেন কুয়েতের নিরাপত্তা বিভাগের প্রধান জেনারেল হামাদ আহমেদ আল মুনাইফি। এছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইসলামি বর্ষপঞ্জির মহররম মাসের ১০ তারিখ পালিত হয় আশুরা। প্রায় ১ হাজার ৪০০ বছর আগে ইরাকের কারবালা প্রান্তরে সংঘটিত ঐতিহাসিক ঘটনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন শহীদ হন। এ দিনটি বিশ্বজুড়ে শিয়াপন্থি মুসলিমদের কাছে গভীর শোক ও ধর্মীয় গুরুত্বের প্রতীক হিসেবে পালিত হয়।

সূত্র: গালফ নিউজ

আরও পড়ুন